সর্বশেষ :
এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা ২০২৫-২৬ বিপণন মৌসুমে ভারতে চিনি উৎপাদন বেড়েছে ৮ শতাংশ সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, বিল পরিশোধ স্থগিত যে কারণে ‘বেদের মেয়ে জোসনা’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রোজিনা ইরান যুদ্ধে দুর্ভিক্ষের ঝুঁকিতে কোটি মানুষ ডিজিটাল অবকাঠামোয় সাইবার হামলার গতি বাড়ছে টাইটানিকের যাত্রীর লাইফ ৬ লাখ ৭০ হাজার পাউন্ডে বিক্রি যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার যুদ্ধের অর্থনৈতিক আঘাত সবচেয়ে বেশি ভোগাবে দরিদ্র দেশগুলোকে বিশ্বজুড়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইভি বিক্রি কমেছে ৩ শতাংশ

টাইটানিকের যাত্রীর লাইফ জ্যাকেট ৬ লাখ ৭০ হাজার পাউন্ডে বিক্রি

ছবি : বিবিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৩:৪৭:৩৩ |
আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে টাইটানিক নিমজ্জিত হওয়ার ১১৪ বছর পেরিয়েছে।

তবে আজও জাহাজটির স্মৃতিচিহ্ন নিয়ে সংগ্রাহকদের উন্মাদনা আকাশচুম্বী। সম্প্রতি এক নিলামে টাইটানিকের এক বেঁচে যাওয়া যাত্রীর ব্যবহৃত লাইফ জ্যাকেট ও একটি লাইফবোটের কুশন অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়েছে। যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভিজেস-ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সান এ নিলামের আয়োজন করে। অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রী লরা মেবেল ফ্রাঙ্কাতাল্লির ব্যবহৃত একটি লাইফ জ্যাকেট। এটি শেষ পর্যন্ত ৬ লাখ ৭০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। নিলাম শুরুর আগে ধারণা করা হয়েছিল জ্যাকেটটির দাম ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের মধ্যে থাকবে। তবে প্রত্যাশাকে ছাড়িয়ে এটি কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়। নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটি টাইটানিক, এর যাত্রী এবং ক্রুদের গল্পের প্রতি মানুষের চলমান আগ্রহ ও আবেগের প্রতিফলন।’ 

তিনি আরো উল্লেখ করেন, ১১৪ বছরের মধ্যে এ প্রথম টাইটানিকে বেঁচে যাওয়া কোনো যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে উঠেছে। বিশেষ লাইফ জ্যাকেটটি সাধারণ কোনো উদ্ধারকারী সরঞ্জাম নয়। এতে ১২টি পকেট রয়েছে এবং কাঁধের বিশ্রাম নেয়ার স্থান ও পার্শ্ববর্তী স্ট্র্যাপ যুক্ত রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো জ্যাকেটটিতে লরা ফ্রাঙ্কাতাল্লি ও অন্য কয়েকজন বেঁচে যাওয়া যাত্রীর স্বাক্ষর রয়েছে। ১৯১২ সালের সে ভয়াবহ রাতে লাইফবোটে ওঠার আগে ফ্রাঙ্কাতাল্লি ভেস্টটি ব্যবহার করেছিলেন। তিনি উত্তর আটলান্টিকে জাহাজডুবির হাত থেকে বেঁচে ফেরা ৭০০ ভাগ্যবানদের একজন ছিলেন। 

পাশাপাশি একই নিলামে টাইটানিকের একটি লাইফবোটের সিট কুশন বা গদি ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, লাইফবোটের কুশনটি কিনেছে যুক্তরাষ্ট্রের টেনেসি ও মিসৌরিতে অবস্থিত ‘টাইটানিক মিউজিয়াম অ্যাট্রাকশন’। শিগগিরই এটি জনসাধারণের জন্য প্রদর্শনীতে রাখা হবে বলে জানানো হয়েছে। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তৎকালীন বিশ্বের বৃহত্তম ও বিলাসবহুল জাহাজ টাইটানিক। প্রথম যাত্রায়ই ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের পথে রওনা হওয়া জাহাজটি একটি বিশাল হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে সাগরে তলিয়ে যায়। বিলাসবহুল এ জাহাজে যাত্রী ও কর্মী মিলিয়ে ছিলেন প্রায় ২ হাজার ২০০ আরোহী। এ দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ১ হাজার ৫০০ জন। 

—খবর ও ছবি বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..