✕


বিয়ের আগের দিন প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৭, | ০২:৩০:৫৮ |

সন্ধ্যায় গায়ে হলুদ, পরদিন বিয়ে। কনের বাড়িতে আলোকসজ্জা, বিয়ের গেট সাজানো, দুই পরিবারেই চলছিল উৎসবের প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। বিয়ের আগের দিনই মারা গেলেন বর আরিফ শাহরিয়ার সৌমিক (২১)।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌমিকের মৃত্যুর খবর পৌঁছায় কনের বাড়িতে। এতে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় সৌমিকের বাড়িসহ দুই পরিবারে নেমে আসে শোকের ছায়া।

সৌমিক গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানান, এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন সৌমিক। গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বিপরীতে মাইশা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের কাছে নেওয়া হয়।

সৌমিকের বড় বোন শারমিন সুলতানা বলেন, দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা ১টার দিকে চিকিৎসক মনির হোসেন মুরাদ ব্যবস্থাপত্র দেন। ওষুধ নিয়ে তাঁকে বাড়িতে নেওয়া হয়। পরে বিকেলে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় সৌমিককে।

শারমিনের অভিযোগ, জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা রিকশায় বসে থাকতে হয় সৌমিককে। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাইশা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কইয়ুম মিয়া বলেন, বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পেতে কিছুটা দেরি হয়েছিল। প্রতিবেদনে সৌমিকের টাইফয়েড শনাক্ত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..