দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটির আগেই সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে এসেছেন বিপুলসংখ্যক পর্যটক। সমুদ্রসৈকতে আছড়ে পড়া ঢেউ, বিস্তীর্ণ বালুচর আর নীল জলরাশির টানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। শুক্রবার বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট।
সৈকতের সুগন্ধা পয়েন্টে কথা হয় ঢাকার ধানমণ্ডি থেকে আসা হুজাইফা আমিনের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক দিন পর কক্সবাজারে ঘুরতে এসেছি। আবহাওয়া ভালো থাকায় সৈকতে এসে বেশ ভালো লাগছে। সমুদ্রের ঢেউ উপভোগ করছি, পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছি।’
সুগন্ধা পয়েন্টসহ সৈকতের নানা পয়েন্টে পর্যটকদের কাউকে পরিবারের সদস্যদের নিয়ে, কাউকে বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায়। সমুদ্রের ঢেউ উপভোগ করার পাশাপাশি ছবি তুলে ছুটির মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন তারা।
তাসফিয়া জান্নাত নামের এক পর্যটক বলেন, ‘সমুদ্র আর আকাশ– এই যে সৌন্দর্য কোথাও পাওয়া যাবে না। সমুদ্রের ঢেউ আর নির্মল বাতাস ক্লান্তি দূর করার জন্য স্বর্গীয় সুখের মতো। সাগরকে ঠিক এভাবেই উপভোগ করি।’
পর্যটক শামীম আহমেদ বলেন, ‘ছুটি কাটাতে সবারই ভালো লাগে, আর সেটা পরিবারের সঙ্গে হলে আনন্দটা হয় আরও বেশি। ব্যস্ত জীবনে সব সময় পরিবারকে নিয়ে এভাবে সময় কাটানোর সুযোগ হয় না। তাই ছুটি পেয়ে কক্সবাজারে চলে এসেছি। আরও দুয়েক দিন থাকার পরিকল্পনা রয়েছে।’ এই সময়ের মধ্যে কক্সবাজারের দর্শনীয় জায়গাগুলোর সৌন্দর্য উপভোগের ইচ্ছা রয়েছে তাঁর।
প্রথমবারের মতো পরিবারের সদস্য ও সন্তান নিয়ে সমুদ্রসৈকতে আসা রাখী রহমান বলেন, ‘কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি পেয়ে পরিবার ও সন্তানকে নিয়ে প্রথমবার কক্সবাজারে এসেছি। এখানে এসে অনুভূতিটা অসাধারণ, বিশেষ করে সন্তানকে খুব আনন্দ করতে দেখে ভালো লাগছে। সমুদ্রের প্রতি মানুষের একটা আলাদা টান রয়েছে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য সমুদ্রসৈকতের মতো ভালো জায়গা আর হয় না। সাপ্তাহিক ছুটিসহ পূজার ছুটিতে দীর্ঘ সময় অবকাশ যাপনের সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত।’
তীব্র গরমের মধ্যে এদিন অসংখ্য পর্যটককে নোনাজলে নেমে ঢেউয়ের সঙ্গে মেতে উঠতে দেখা যায়। কেউ আবার পরিবার-পরিজন নিয়ে বালুচরে কাটাচ্ছেন আনন্দঘন সময়। ঢেউয়ের গর্জন, মানুষের হাসি আর উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে এই পর্যটনকেন্দ্র। দীর্ঘ ছুটিতে পর্যটকদের আগমন বাড়ায় সৈকতকেন্দ্রিক ব্যবসায়ীরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। ক্ষুদ্র বিভিন্ন পণ্যের দোকান থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন বিনোদনসেবায় বাড়ছে ব্যস্ততা।
কক্সবাজারের বাসিন্দা ওসমান গনি বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেল থেকে সৈকতে মানুষের ভিড় বেড়েছে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় অনেক মানুষও সৈকতে ঘুরতে আসছেন। আবহাওয়া ভালো হতে শুরু করায় সৈকতে প্রাণচাঞ্চল্য ফিরেছে।
পর্যটকদের নিরাপত্তা নিয়ে সতর্ক লাইফগার্ড সদস্যরা জানান, সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক ভালো। তবু সতর্কতার অংশ হিসেবে ভাটার সময় লাল পতাকা টাঙানো হয়। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, ‘পর্যটকেরা পানিতে নামার পর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে আমরা দায়িত্ব পালন করছি।’
শহরসংলগ্ন পয়েন্ট ছাড়াও মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণাসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে গতকাল উপচেপড়া ভিড় ছিলো। পুজার দীর্ঘ ৫ দিনের ছুটির আগেই কক্সবাজারে এভাবে পর্যটকের সমাগম কল্পনার বাইরে ছিলো বলে জানান কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার। তিনি এতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আশা করছি আগামী ২০ অক্টোবর থেকে ৫ দিনের দীর্ঘ পূজার ছুটিতে প্রতিদিন গড়ে এক লাখের চেয়ে বেশি পর্যটক কক্সবাজারে আসবেন। সেই হিসাবে পাঁচ দিনে ছয় লক্ষাধিক পর্যটকের সমাগম হতে পারে।’
তাঁর দেওয়া তথ্যমতে, কক্সবাজারে বিভিন্ন শ্রেণির ৫ শতাধিক হোটেল-মোটেল ও কটেজ রয়েছে। এর মধ্যে বেশির ভাগ আবাসিক প্রতিষ্ঠানের কক্ষ আগাম বুকিং হচ্ছে। ইতোমধ্যে অনেক হোটেলে প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন শিল্পের ভালো ব্যবস্থাপনা সব সময় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পর্যটকের কাছ থেকে বাড়তি দাম নেওয়া ঠেকানো ও তাদের যেন হয়রানির শিকার না হতে হয় এ জন্য নিয়মিত নজরদারি করছেন।
এ জাতীয় আরো খবর..