✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ০১:২৮:১৬ |বিধ্বংসী সেঞ্চুরিতে দলকে বড় সংগ্রহ এনে দিলেন শাই হোপ। পরে চমৎকার বোলিংয়ে রেকর্ড গড়লেন কেমো পল। তাদের নৈপুণ্যের সামনে বেশি দূর যেতে পারল না ভারত। আবারও জিতে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
হায়দরাবাদে বুধবার রাতে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে ২৪ রানে হারাল উইন্ডিজ। আগে ব্যাট করে ৩ উইকেটে ২৪৭ রানের পাহাড়ে চড়ে তারা। জবাবে ২২৩ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
সিরিজে প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সমতা ফিরিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচ জিতে আবার এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। এবার চতুর্থটি জিতে ২-২ সমতা টানল ক্যারিবিয়রা। শেষ ম্যাচেই নিষ্পত্তি হবে ট্রফির।
ম্যাচে আগে ব্যাট করে ক্যারিবিয়ানদের বড় পুঁজি এনে দেওয়া কারিগর অধিনায়ক হোপ। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৪ চারের সঙ্গে ৯টি ছক্কা মেরে ৫০ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩৩ ছুঁইছুঁই ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি হোপের তৃতীয় সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি মালিক এখন তিনি। এত দিন দুটি করে সেঞ্চুরি করে তার পাশেই ছিলেন ক্রিস গেইল ও এভিন লুইস। নিজের আগের দুই সেঞ্চুরিতেও ঠিক ১০২ রানে অপরাজিত ছিলেন হোপ।
এছাড়া শিমরন হেটমায়ার ১২ বলে ৩৩ ও শেষ দিকে ২৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড।
পরে রান তাড়ায় ভারতকে উড়ন্ত শুরু এনে দেন সাঞ্জু স্যামসন। অন্য প্রান্ত অভিশেক শর্মাকে দর্শক বানিয়ে মাত্র ২০ বলে ফিফটি করেন অভিজ্ঞ কিপার-ব্যাটার। তবে ফিফটির পর আর টিকতে পারেননি। ৬ চার ও ৪ ছক্কায় ২৩ বলে ৫৬ রান করে ফেরেন স্যামসন।
স্যামসনের বিদায়ের পর আর জয়ের কক্ষে উঠতে পারেনি ভারত। মারকুটে ওপেনার হিসেবে পরিচিত পাওয়া অভিশেক এদিন ২৯ রান করতে খেলেন ২৪ বল। ইশান কিষান ও শ্রেয়াস আইয়ারও পারেননি কিছু করতে।
তিলক ভার্মা ও নিতিশ কুমার রেড্ডি কিছুক্ষণ আশা বাঁচিয়ে রাখেন। তবে ম্যাচ জেতানোর কিছু করতে পারেননি। ২৫ বলে ৪৩ রান করে আউট হন তিলক। নিতিশের ব্যাট থেকে আসে ২০ বলে ৪১ রান। যা শুধু পরাজয়ের ব্যবধানই কমায়।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪১ রানে ৫ উইকেট নেন কেমো পল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় ৫ উইকেট। ক্যারিবিয়ানদের হয়ে এই সংস্করণে একাধিক ৫ উইকেট নেওয়া প্রথম বোলার ২৮ বছর বয়সী পেস অলরাউন্ডার।
বেঙ্গালুরুতে আগামী শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।