✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১১:১৮:০৪ |নেপালে পাহাড়ি নদীর প্রবল বন্যায় পদব্রজে ভ্রমণের (ট্রেকিং) পথ ও ব্রিজ ভেসে যাওয়ায় বিভিন্ন স্থানে শতাধিক বিদেশি পর্যটক ও ট্রেকার আটকা পড়েছেন। গত রবিবার কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় আকস্মিক ভূমিধসে বুড়ি গণ্ডকী নদীর গতিপথ অবরুদ্ধ হয়, যার ফলে নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
মনাসলু সংরক্ষণ এলাকা প্রকল্পের কর্মকর্তা ভুবন রাজ ওঝা জানিয়েছেন, পদব্রজে ভ্রমণের পথ ভেসে যাওয়ার কারণে এক শতাধিক বিদেশি ট্রেকার আটকা পড়ে আছেন। তিনি আরও জানান, যারা ফেরত আসতে চান তাদের উদ্ধারের প্রয়োজন হবে, তবে যারা ভ্রমণ চালিয়ে যেতে চান তারা নিরাপদ স্থানে অবস্থিত রেস্তোরাঁ ও টি-হাউসগুলোতে অবস্থান করতে পারেন; তারা বর্তমানে নিরাপদ আছেন। নেপালের সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ইতোমধ্যে ৯ জন বিদেশিসহ ৯৬ জনকে উদ্ধার করেছে।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া না গেলেও নিখোঁজ রয়েছেন অন্তত পাঁচজন গ্রামবাসী। কাদা ও কাদামাটি সমৃদ্ধ এই বানের পানিতে ঘরবাড়ি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তিনটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, বুড়ি গণ্ডকী নদীটি ত্রিশূলী নদীর একটি উপনদী। গত আগস্ট মাসে একটি হিমবাহ ধসে একই নদীর গতিপথে ভয়াবহ বন্যা হয়েছিল, যাতে ১,৪৫৭ জন মারা যান এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হন। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি অঞ্চলে এ ধরনের আকস্মিক ও ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগ পার্বত্য জনগোষ্ঠী এবং নদীতীরবর্তী এলাকার মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।