✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৯, | ১৬:১৮:২৯ |বাবার জন্য দোকান থেকে সিগারেট আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাসপিয়া নামের আট বছর বয়সী এক শিশু। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় একটি লেগুনার ধাক্কায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসপিয়া দিনমজুর আবু হানিফের মেয়ে। তার পরিবার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবার জন্য সিগারেট আনতে তাসপিয়াকে দোকানে পাঠানো হয়। রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার সময় একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৃষ্ণা সরকার সেতু বলেন, ‘শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
পটিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। লেগুনাসহ চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’