✕


সিলেটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৯, | ১৬:১৬:৩৫ |

সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই হাইয়েস মাইক্রোবাসের যাত্রী চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) নিহত হন। আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খায়রুল ইসলামকে (৪৭) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..