✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ১৪:৫১:০৩ |ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী লড়াই। আজ বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমীন ধানের শীষ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিযামী বটগাছ, বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দের পর নির্বাচন আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানো এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।