✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৫, | ১২:৫৩:১৮ |উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল হাওয়ায় স্পষ্ট হয়ে উঠছে প্রাক-শীতের পরশ। আকাশজুড়ে মেঘের ভেলা, রাতভর বর্ষণ আর ভোরের হালকা কুয়াশা- সব মিলিয়ে পঞ্চগড়ের সীমান্তঘেঁষা তেঁতুলিয়ায় এক দিনেই বদলে গেছে আবহাওয়ার রূপ। আশ্বিনের শেষপ্রান্তে এসে কমেছে তাপমাত্রাও।
আজ সোমবার সকাল ৯টায় দেশের সর্বউত্তরের এই জনপদে তাপমাত্রা নেমে এসেছে ২০.৫ ডিগ্রি সেলসিয়াসে, আগের দিন যা ছিল ২৪ ডিগ্রিতে। ভোরের শীতল আবহে উত্তরাঞ্চলে এখন স্পষ্ট হয়ে উঠছে শীতের আগমনী বার্তা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরে সেখানে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তবে বৃষ্টির পর সোমবার সকালে তা নেমে আসে ২০ ডিগ্রির ঘরে। আবহাওয়ার এই পরিবর্তনে জেলার বিভিন্ন এলাকায় রাতের শেষ ভাগ ও ভোরে হালকা কুয়াশা পড়তে দেখা গেছে। সকালেও কুয়াশার সঙ্গে যুক্ত হয়েছে মৃদু ঠান্ডা বাতাস। এতে শীতের আগমনী আবহ তৈরি হয়েছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এর মধ্যে গতরাতে ভারী বৃষ্টি হয়েছে। এটি মৌসুমি পরিবর্তনের লক্ষণ। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে বলেও জানান তিনি।