✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০১, | ১৪:৪৩:০৪ |টঙ্গীর তুরাগ নদে ফুটবল তুলতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নিখোঁজ হলেও আজ বৃহস্পতিবার দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ দুই শিশু হলো- টঙ্গীর বউ পূর্ব আরিচপুর এলাকার শাহজাহাবের ছেলে আবির হোসেন ইউনুস (১০) ও নিরব (৯)। নিরবের পিতার নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওই দুই শিশু টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায়। সে সময় পাশে কিছু ছেলে ফুটবল খেলছিলো। খেলার সময় এক পর্যায়ে তাদের ফুটবলটি তুরাগ নদে পড়ে যায়। তারপর বলটি তুলে দিতে মাছ ধরতে যাওয়া শিশুদের বলা হয়। তখন ফুটবল তুলতে গিয়ে আবির ও নিরব নিখোঁজ হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালায়। পরে মধ্যরাতে উদ্ধার অভিযান সমাপ্ত করে। বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। নদীতে প্রচুর স্রোত, তাই অভিযান জোরদার করা হয়েছে।
নিখোঁজদের স্বজনরা নদের তীরে অপেক্ষায় আছেন কখন দেখা মিলবে ওই দুই শিশুর।