✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-সিএনজি চলাচল শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-৩০, | ২০:২৮:৩৮ |

সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসশ্রমিকদের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি অবস্থানের জেরে প্রায় ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে। বুধবার দুপুরে দিকে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের সমঝোতার পর যান চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সুযোগে কিছু ছোট যানবাহনের চালক অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। বাধ্য হয়ে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া দিয়ে রিকশা, ভ্যানসহ বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হয়েছে তাঁদের।

মান্দাগামী যাত্রী আরিফ হোসেন বলেন, ‘প্রশাসনের সমঝোতায় গাড়ি চলাচল শুরু হয়েছে। কিন্তু এই কয়েক দিনের ভোগান্তির দায় কে নেবে? সংঘর্ষ হলো কার সঙ্গে, আর কষ্ট ভোগ করতে হলো সাধারণ যাত্রীদের।’

সাপাহারগামী যাত্রী তুলি কাজী বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে এভাবে জিম্মি করা কাম্য নয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি এবং পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

আদালতে হাজিরা দিতে আসা পোরশার যাত্রী তারিক হোসেন বলেন, তিন দফায় ভেঙে ভেঙে বিকল্প যানবাহনে আসতে হয়েছে। এতে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া গুনতে হয়েছে। পাশাপাশি অনেক সময়ও নষ্ট হয়েছে।

বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে একটি সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে বাসের চালক ও সহকারীর বাগ্‌বিতণ্ডা হয়। পরে বেলা একটার দিকে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে পরদিন রোববার সকাল থেকে নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ-জয়পুরহাট ও নওগাঁ-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে বাসশ্রমিকেরা সড়কে অটোরিকশা চলাচলেও বাধা দেন। বাধা উপেক্ষা করে অটোরিকশা চালানোর চেষ্টা করলে কয়েকজন চালকের ওপর হামলার অভিযোগও ওঠে।

গত সোমবার রাতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অভ্যন্তরীণ রুটে বাস চালুর ঘোষণা দেওয়া হলেও তা দুই ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। মঙ্গলবার সকালে বদলগাছীতে একটি যাত্রীবাহী বাস গেলে অটোরিকশাচালকেরা আবার বাসচালকের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। এরপর ফের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এরপর পরিবহন শ্রমিক নেতা, অটোরিকশা মালিক-চালক সমিতি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। অবশেষে বুধবার দুপুরে উভয় পক্ষের সমঝোতার পর যান চলাচল শুরু হয়।

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি শ্রমিকদের আন্দোলন ছিল। তাদের কিছু দাবি ছিল, সেগুলো প্রশাসনের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছিল। প্রশাসনও তাঁদের দাবিগুলো লিখিতভাবে দিয়েছে। এখন শ্রমিকেরা গাড়ি চালাচ্ছেন।’

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক বলেন, শ্রমিকদের নির্দিষ্ট দাবি ও শর্তের ভিত্তিতে যান চলাচল শুরু হয়েছে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। নির্দিষ্ট দূরত্বে বাস ও সিএনজির স্টেশন থাকবে। সিএনজিচালিত অটোরিকশাও নির্ধারিত সময় মেনে চলাচল করবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের পরিস্থিতি তৈরি করলে বা আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..