✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ০১:৪০:৫৬ |ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার শীর্ষস্থানীয় আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই) গবেষণা ও প্রয়োগকারী প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর সাথে একটি নতুন অংশীদারিত্বের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে এই ক্রীড়া ব্যক্তিত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা-এর জগতে পা রাখলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এই যৌথ উদ্যোগের কথা ঘোষণা করে টেন্ডুলকার জানান, কিছু আকর্ষণীয় বিষয় আসছে। সেগুলো সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো ভারতের মানুষ কীভাবে তাদের দৈনন্দিন ব্যক্তিগত ও পেশাগত জীবনে ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করতে পারেন, তা তুলে ধরা।
এই প্রযুক্তির প্রতি নিজের আগ্রহের কথা ব্যাখ্যা করতে গিয়ে এই কিংবদন্তি বলেন, আমি সবসময়ই কৌতূহলী। একটি প্রশ্ন সাধারণত আরেকটি প্রশ্নের জন্ম দেয়, আর চ্যাটজিপিটি নিশ্চিতভাবেই সেই অভ্যাসকে আরও উৎসাহিত করেছে। টেন্ডুলকার জানান, তিনি এরইমধ্যে ব্যবহারিক প্রয়োজনে এই এআই টুলটি ব্যবহার করেছেন। এমনকি পরিবারের সাথে গত ভ্রমণের পরিকল্পনা করার ক্ষেত্রেও এর সহায়তা নিয়েছেন।
ভারতীয় কিংবদন্তি আরও বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে আমি ঠিক সেটাই প্রত্যাশা করছি। তিনি জানান, প্ল্যাটফর্মটি ব্যবহারের আরও নতুন উপায় খুঁজে বের করতে এবং নিজের কাছে যা উপকারী মনে হবে, তা অন্যদের সাথে ভাগ করে নিতে তিনি আগ্রহী।
এই অংশীদারিত্ব টেন্ডুলকারের বাণিজ্যিক কার্যক্রমের তালিকায় আরও একটি বড় ব্র্যান্ডের সংযোজন ঘটাল। তার বর্তমান অংশীদারিত্বের তালিকায় রয়েছে অ্যাপোলো টায়ারস, ব্যাংক অফ বরোদা, তানিশক, লুমিনাস, ডিপি ওয়ার্ল্ড, স্পিনি এবং বিভিন্ন খাতের আরও অনেক ব্র্যান্ড।
পাশাপাশি ভারতীয় ক্রিকেটের সাথেও ওপেনএআই তাদের সম্পর্ক আরও জোরদার করেছে। চলতি মাসের শুরুর দিকে বিসিসিআই ঘোষণা করেছে, ২০২৮ সালের মার্চ পর্যন্ত দুই মৌসুমের জন্য ভারতের মাটিতে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচগুলোর ক্ষেত্রে ‘চ্যাটজিপিটি’ সহযোগী অংশীদার হিসেবে কাজ করবে।