✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১২:৩২:১১ |লক্ষ্মীপুরে প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৪৪ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার ৬টি থানা এলাকা থেকে তাদের আটককরে পুলিশ।
আটকদের মধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন ও কমলনগর থানায় ৫৬ জন। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতদের মধ্যে কারও বিরুদ্ধে মাদক কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রাহয়ান কাজেমী জানান, আটককৃতদের মধ্যে বেশকয়েক জনের বিরুদ্ধে মামলা ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।