✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ১৪:৪৫:৪৪ |শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে মাঠে নামলেও ‘সংঘাতময় পরিস্থিতিতে প্রাণ হারানো সব মানুষের’ প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরে খেলবেন তারা।
আজ রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে উয়েফা নেশনস লিগের ম্যাচটি সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। গাজায় চলমান মানবিক সংকট ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের নেশনস লিগের ম্যাচ ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
ঘটনার সূত্রপাত বোল্টন ওয়ান্ডারার্সের আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনুর অবস্থান ঘিরে। ২৪ বছর বয়সী এই ফুটবলার গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ‘নৃশংসতা’ আখ্যা দিয়ে ম্যাচটিতে অংশ নিতে অস্বীকৃতি জানান। বাজুনুর ঘোষণার পর দলের অনুশীলন ও নির্ধারিত সংবাদ সম্মেলন ঘণ্টার পর ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। হোটেল রুমে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) কর্মকর্তা, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে টানা চার ঘণ্টা বৈঠক চলে। বেশ কয়েকজন ফুটবলারও বাজুনুর সঙ্গে ম্যাচ বয়কটের চিন্তা করছিলেন। পরবর্তী সময়ে ভোটাভুটি আয়োজন করা হলে ‘উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ’ খেলোয়াড় মাঠে নামার পক্ষে মত দেন।
এফএআইয়ের প্রধান নির্বাহী ডেভিড কারেল জানান, খেলোয়াড়দের ভোটের ওপর ভিত্তি করেই তারা ম্যাচটি খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তবে অধিনায়ক ডারা ও’শি জানান, প্রতিটি ফুটবলারের ব্যক্তিগত মতামতকে মর্যাদা দেওয়া এবং মানবিক ইস্যুতে খোলামেলা আলোচনা করা জরুরি ছিল।