✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৫, | ২০:৪৭:২৮ |ইউরোপের চারটি শীর্ষস্থানীয় ফুটবল লিগ ফিফা পরিচালনার পদ্ধতিতে মৌলিক সংস্কারের আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সক্রিয়ভাবে শোষণমূলক ধারণাকে উৎসাহিত করেছেন। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের আরও বড় ভূমিকা থাকা প্রয়োজন মত দিয়েছেন তারা।
ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, জার্মানির বুন্দেসলিগা, ইতালির সেরি আ এবং স্পেনের লা লিগা এই চারটি লিগই ফিফায় শক্তিশালী নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা, সুস্পষ্ট সাংবিধানিক সীমারেখা এবং সংস্থাটির নিয়ন্ত্রণমূলক ও বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে আরও স্পষ্ট বিভাজন নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।
চারটি লিগ বলছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে স্বচ্ছ, বস্তুনিষ্ঠ, আনুপাতিক এবং অন্তর্ভুক্তিমূলক করে তোলার জন্য এই আমূল পরিবর্তন প্রয়োজন। তাদের দাবি, যদি এর ভিত্তি দুর্বল হয়ে পড়ে, তবে আমাদের খেলাটি বিশ্বব্যাপী বিকশিত হতে পারবে না।
ফিফার বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনাটি ভেস্তে যাওয়ার পর তীব্র সমালোচনার মুখে এই চারটি লিগের পক্ষ থেকে এটিই প্রথম কোনো সমন্বিত পদক্ষেপ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে লিগগুলো বলেছে, বিশ্বকাপ হয়তো আমাদের খেলার সর্বোচ্চ শিখর, কিন্তু ফুটবলের মূল ভিত্তি টিকে থাকে প্রতি সপ্তাহে দর্শকপূর্ণ স্টেডিয়াম ও স্থানীয় কমিউনিটিতে বিশ্বজুড়ে নিবেদিতপ্রাণ খেলোয়াড়, সমর্থক, ক্লাব ও লিগগুলোর অবদানের মাধ্যমে।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলের দীর্ঘদিনের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে শাসনব্যবস্থা সংক্রান্ত একটি মৌলিক সমস্যা। যেখানে ফিফা সভাপতি এ ধরনের শোষণমূলক ধারণার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে বরং সেগুলোকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছেন। যদিও ফুটবলের সংশ্লিষ্ট অংশীজনদের চাপে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্বত্ব বিত্রির প্রকল্পটি প্রত্যাহার করা হয়েছিল, তবে সেই পরিস্থিতির মূল কারণগুলো এখনো বিদ্যমান।
সাম্প্রতিক বছরগুলোতে ফিফা এবং ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, যার মূল কারণ হলো আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিধি বা সংখ্যা বৃদ্ধি নিয়ে সৃষ্ট বিরোধ। ক্লাব এবং ঘরোয়া লিগগুলো বারবার অভিযোগ করে আসছে, ফিফা আয়োজিত প্রতিযোগিতার সংখ্যা বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং ঘরোয়া প্রতিযোগিতার গুরুত্ব বা আকর্ষণ ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
এদিক চলতি সপ্তাহের শুরুর দিকে ফিফা কাউন্সিল এবং ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতিদের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো এই সমালোচনার বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। তিনি প্রস্তাব করেন, বড় ধরনের কৌশলগত উদ্যোগের ক্ষেত্রে ফিফার শাসনকাঠামো বা পরিচালনা পদ্ধতির বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনার বিষয়টি কাউন্সিল বিবেচনা করতে পারে।
তিনি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কনফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীজনের সাথে আলোচনার প্রস্তাবও দেন এবং ফিফার নেতৃত্ব প্রদানে নিজের পূর্ণ অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। ইউরোপের চারটি লিগ ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের প্রকৃত ভূমিকা নিশ্চিত করতে জাতীয় অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব এবং নারী ও পুরুষ ফুটবলের খেলোয়াড়সহ প্রধান অংশীজনদের প্রতিনিধিত্বকারী একটি স্থায়ী কমিটি গঠনের আহ্বান জানিয়েছে।