✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৫, | ২০:৩৬:৫২ |অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ড্রয়ের সুযোগ কাজে লাগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে মরক্কো। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছে আফ্রিকার দেশটি।
শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল হারিয়েছে ২.০২ র্যাঙ্কিং পয়েন্ট। ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮০২.৯০। এতে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের জায়গাটি দখল করেছে মরক্কো। তাদের পয়েন্ট ১৮০৩.৯৯। ফলে সাময়িকভাবে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে ‘আটলাস লায়ন্স’রা। শুক্রবার গ্যাবনের বিপক্ষে জয় পেলে এই অবস্থান আরও শক্ত করতে পারবে মরক্কো।
মরক্কোর ওপরে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। এই অর্জনের মাধ্যমে আফ্রিকার দেশটি ১৯৯৪ সালে নাইজেরিয়ার গড়া সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের রেকর্ডও স্পর্শ করেছে। ওই বছর আফ্রিকা কাপ অব নেশনস জয়ের পাশাপাশি বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল নাইজেরিয়া।
এদিকে ব্রাজিলের বিপক্ষে ড্র করে অস্ট্রেলিয়াও র্যাঙ্কিংয়ে এগিয়েছে। ২.০২ পয়েন্ট যোগ করে ১৫৮৩.৫৩ পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে উঠেছে অস্ট্রেলিয়া। এশিয়ার দলগুলোর মধ্যে তাদের অবস্থান এখন তৃতীয়।
তবে এই অবস্থানগুলো এখনো সাময়িক। আগামী ৭ অক্টোবর চলতি আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পর চূড়ান্ত ও আনুষ্ঠানিক র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।