✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৪, | ০১:২২:৩৪ |মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী সিএনএন, এমএস নাউ এবং পলিটিকোকে হোয়াইট হাউসের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ বা দূরে রাখা যেতে পারে।
মঙ্গলবার গভীর রাতে ফেডারেল আদালতে জমা দেয়া এক নথিতে এমন দাবি করেছে মার্কিন বিচার বিভাগ।
আইনজীবীদের যুক্তি, ইরান যুদ্ধ এবং হোয়াঈট হাউসে বলরুম নির্মাণ নিয়ে এই সংবাদমাধ্যমগুলোর কভারেজ একটি জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে, যা এই নিষেধাজ্ঞাকে যৌক্তিকতা দেয়।
সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সুরক্ষা থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের দাখিল করা নথিতে যুক্তি দেখানো হয়েছে যে, ’হোয়াইট হাউসে প্রবেশাধিকার হলো একটি সুযোগ, কোনো অধিকার নয়।’
এই নথিতে আরও যুক্তি দেওয়া হয়েছে যে, হোয়াইট হাউস কমপ্লেক্সের ভেতরে থাকা জাতীয় নিরাপত্তার তথ্য সুরক্ষার জন্য ট্রাম্প চাইলে হোয়াইট হাউসের ব্যক্তিগত বা গোপনীয় অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করতে পারেন।
বিচার বিভাগ আদালতের কাছে জমা দেয়া নথিতে লিখেছে, ‘কমপক্ষে, সরকার দৃষ্টিভঙ্গি-ভিত্তিক বৈষম্যমূলক কারণেও ওভাল অফিসের মতো রাষ্ট্রপতির সংরক্ষিত এলাকাগুলোতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে পারে।’
নথিতে বলা হয়, প্রেসিডেন্ট দেখতে পেয়েছেন যে বাদীরা এমন কিছু রিপোর্টিংয়ের ঘটনার সাথে জড়িত ছিলেন, যা জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল। এ ধরনের রিপোর্টিং সরাসরি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি করে।’ ওয়াশিংটন ডিসিতে ফেডারেল বিচারক টিমোথি কেলির সামনে একটি জরুরি শুনানির আগের সন্ধ্যায় এই নথিপত্রগুলো জমা দেওয়া হয়।
গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প হোয়াঈট হাউসে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর প্রবেশাধিকার নিষিদ্ধ করে। সোমবার গণমাধ্যম তিনটি আদালতের কাছে হোয়াইট হাউসে তাদের প্রবেশাধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে মামলা করে। আজ এ মামলার শুনানী হতে পারে।