✕


জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:৩২:৩৩ |

পশ্চিম জার্মানিতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। 

তবে বিমানটিতে থাকা পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম জার্মানির স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে মোতায়েন থাকা একটি এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার পর জরুরি উদ্ধার ও প্রতিক্রিয়া দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও পৃথক এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, দুর্ঘটনার সময় মোট চারটি এফ-১৬ যুদ্ধবিমান একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।

জার্মান বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, চারটি যুদ্ধবিমানের মধ্যে দুটি তখনও প্রশিক্ষণ এলাকায় অবস্থান করছিল। অন্য দুটি স্প্যাংডাহলেম বিমানঘাঁটির দিকে ফিরছিল।

ফেরার পথে থাকা ওই দুটি বিমানের একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া বাকি এফ-১৬ যুদ্ধবিমানগুলো নিরাপদে রামস্টেইন মার্কিন বিমানঘাঁটিতে অবতরণ করে।

দুর্ঘটনায় পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তিনি বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনাস্থলে জরুরি সেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন। একই সঙ্গে বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এবং দুর্ঘটনার সঙ্গে কোনও কারিগরি বা অন্য কোনও ত্রুটি জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..