✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিপাকে পড়েছেন আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২২, | ১৩:৪৪:৫০ |

আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হেইমির হালগ্রিমসনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। আসন্ন নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচের আগে হালগ্রিমসনের মন্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও বোকামি’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েলি ফুটবল সংস্থা।

আগামী ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। দল ঘোষণার সময় খেলোয়াড়দের কীভাবে মাঠের বাইরের পরিস্থিতি থেকে দূরে রেখে ম্যাচে মনোযোগী রাখা হবে—এমন প্রশ্নের জবাবে হালগ্রিমসন বলেছিলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি। আমরা ইসরায়েলের বিপক্ষে খেলছি, ইসরায়েলের সঙ্গে খেলছি না।’

হালগ্রিমসনের ওই বক্তব্যের জবাবে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটি লিখেছে, ‘আমরা বিশ্বের ও মানবতার জন্য অসংখ্য ক্ষেত্রে অবদান রেখেছি এবং এর স্বীকৃতি হিসেবে উল্লেখযোগ্যসংখ্যক নোবেল পুরস্কারও পেয়েছি।’

এরপরই আয়ারল্যান্ড কোচকে উদ্দেশ করে তারা আরও লিখেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে আয়ারল্যান্ড দলের কোচের প্রদর্শিত বোকামি, অজ্ঞতা ও ভণ্ডামির কোনো প্রতিকার আমরা এখনো খুঁজে পাইনি। আমরা অজ্ঞতা, ভণ্ডামি ও বোকামির সঙ্গে খেলছি না, আমরা এমন একজন কোচের বিপক্ষে খেলছি, যিনি এগুলোর প্রতীক।’

ইসরায়েলি ফুটবল সংস্থার এই মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। এর মধ্যেই সোমবার সন্ধ্যায় আয়ারল্যান্ড দলের হোটেলের বাইরে বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের বিপক্ষে নির্ধারিত ম্যাচ দুটি বর্জনের দাবিও জোরালো হচ্ছে।

ইসরায়েল ও আয়ারল্যান্ডের ম্যাচ দুটি নিয়ে আগে থেকেই বিতর্ক চলছে। নিরাপত্তাজনিত কারণে ২৭ সেপ্টেম্বরের ম্যাচটি হাঙ্গেরির দেবরেসেনে এবং ৪ অক্টোবরের ফিরতি ম্যাচটি সার্বিয়ার বাকা তোপোলায় অনুষ্ঠিত হওয়ার কথা। দুটি ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হচ্ছে।

এই বিতর্কের পেছনে রয়েছে গাজা যুদ্ধ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫১ জন জিম্মি হন। এর পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার হিসাবে, ওই সংঘাতে ফিলিস্তিনে ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইসরায়েল অবশ্য গাজায় গণহত্যা বা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের সামরিক কর্মকাণ্ডকে আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করে।

এদিকে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জনের দাবিতে আয়ারল্যান্ডের ক্রীড়াঙ্গনেও চাপ বাড়ছে। আয়ারল্যান্ডের ১৬০-এর বেশি ক্রীড়াবিদ জাতীয় দলকে ম্যাচ দুটি বর্জনের আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন হালগ্রিমসনের মন্তব্যের বিষয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার বিষয়টিও বিবেচনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে অভিযোগ দাখিল করা হয়েছে কি না, তা নিয়ে উয়েফা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..