✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২২, | ১৩:৪২:১৮ |জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইএমএফের কোনো শর্ত আছে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এমন কোনো শর্ত নেই। আইএমএফের বেসিক নিয়ম যেটা আছে, তারা চায় না একটা সরকার খুব বেশি ভর্তুকি দিক। এটা তাদের গ্রস নিয়ম।
জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে আইএমএফের কোনো শর্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত করে দেখার সুযোগ নেই। সরকারের মূল বিবেচনা হচ্ছে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে দেওয়া ভর্তুকির পরিমাণ কমানো এবং এ ক্ষেত্রে কতটা সমন্বয় করা হবে, তা নির্ধারণ করা।
তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট ও রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক নানা কারণে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তবে এতে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে।’
এ সময় জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নেবে বলেও জানান ডা. জাহেদ উর রহমান।
ব্রিফিংয়ে ২০৩০ সালের মধ্যে সরকার ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। এ সময় ঢাকা শহরে কয়েকটা ককটেল ফোটানো বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় সংকট তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।