✕


হরমুজে আরেকটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২১, | ১৪:১১:২৫ |

হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আরেকটি এমকিউ-১ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।

সোমবার আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভি জানায়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় অ্যারোস্পেস ফোর্সের নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম এমকিউ-১ ড্রোনটি আফগানিস্তানে দীর্ঘ সময়ের সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছিল। প্রায় ২০ হাজার ঘণ্টা উড্ডয়নের পর ড্রোনটি ‘কান্দাহারের কসাই’ নামে পরিচিতি পায় বলে প্রেসটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বেশ কয়েক বছর আগে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীর সক্রিয় বহর থেকে এমকিউ-১ ড্রোন সরিয়ে নেয়া হয়। পরে এর পরিবর্তে এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহারে আনা হয়।

প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে বিপুলসংখ্যক এমকিউ-৯ রিপার হারানোর পর যুক্তরাষ্ট্র আবার এমকিউ-১ ড্রোন ব্যবহারে ফিরেছে বলে দাবি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিসের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে অন্তত ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। ওই দিনই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ড্রোনের আর্থিক মূল্য প্রায় ৭২০ মিলিয়ন ডলার বলে জানানো হয়েছে। তবে আইআরজিসির দাবি, এই সময়ে যুক্তরাষ্ট্র ৫৩টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..