✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ০২:০৫:৪০ |রাজধানীর শাহবাগের ফুটপাত থেকে এবার নিজের ঘরে ফিরছেন গোলাপি বেগম। দীর্ঘদিন ফুটপাতে মানবেতর জীবন কাটানো এই নারীর জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে নির্মাণ করা হয়েছে নতুন বাড়ি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নির্মিত এই ঘরের চাবি শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে গোলাপির কাছে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিনসহ অন্যরা।

নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত গোলাপি বেগম বলেন, ‘ফুটপাতে অনেক কষ্ট করে জীবন কাটিয়েছি। নিজের একটি ঘর হবে এটা কখনো ভাবিনি। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। তারেক রহমানসহ যারা আমার জন্য এই বাড়ি করে দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই।’
বক্তারা বলেন, রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন ধরে গোলাপি বেগম দুর্দশায় জীবন পার করছিলেন। ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের মাধ্যমে তার দুর্দশার বিষয়টি আলোচনায় আসে। বিষয়টি নজরে আসার পর তার চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে ‘আমরা বিএনপি পরিবার’।