✕


ফিফার ওপর চাপ বাড়াল ইউরোপ ও উত্তর আমেরিকার ফুটবল সংস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ০১:৫৮:৩৪ |

ফিফার বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাব বাতিলের পর এবার সংস্থার বিশাল ক্যাশ রিজার্ভ থেকে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনকে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার দাবি জানিয়েছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল অ্যাসোসিয়েশন (কনকাকাফ)। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি বিতর্কিত প্রাইভেট ইকুইটি প্রস্তাবের জবাবে এই দুই শীর্ষ আঞ্চলিক সংস্থা ফিফার ওপর এই চাপ সৃষ্টি করেছে। 

এর আগে, বিশ্বকাপ ফাইনালের পর ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের একটি নতুন বাণিজ্যিক প্রস্তাব সামনে এনেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং অধিকার পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের কথা ছিল। যার ২১ শতাংশ একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার পরিকল্পনা করা হয়েছিল। 

তবে, জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর তীব্র বিরোধিতার মুখে মাত্র চারদিনের মাথায় সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় ফিফা। ওই সময় ইনফান্তিনো দাবি করেছিলেন, সদস্য দেশগুলো তার ওই প্রস্তাবে সায় দিলে প্রত্যেকে চার কোটি ডলার পর্যন্ত পেতে পারে। পাশাপাশি প্রাথমিক দুই কোটি ডলার পাওয়ার জন্য ১৯ সেপ্টেম্বরের মধ্যে ফেডারেশনগুলোকে তার পরিকল্পনা মেনে নেওয়ার আল্টিমেটামও দেওয়া হয়েছিল।

বিবিসি স্পোর্টের হাতে আসা উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন এবং কনকাকাফ প্রধান ভিক্টর মন্টগলিয়ানির যৌথ চিঠিতে বলা হয়েছে, ২০২৭-৩০ চক্রের মধ্যে ফিফার প্রতিটি ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে অবকাঠামো ও ফুটবল উন্নয়নে বিনিয়োগের জন্য অন্তত ১ কোটি ডলার করে দিতে হবে। 

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩-২৬ অর্থবছর শেষে ফিফার কাছে প্রায় ৬০০ কোটি ডলার বা ৬ বিলিয়ন ডলার রিজার্ভ থাকবে। যা ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত প্রয়োজনীয় অর্থের চেয়ে অনেক বেশি। রিজার্ভের এই অতিরিক্ত অংশ থেকে এককালীন প্রায় ২১১ কোটি ডলার ছাড় করা হলে তা নিয়মিত তহবিলের বাইরে অতিরিক্ত সহায়তা হিসেবে যোগ হবে। 

ফিফার প্রকাশিত আর্থিক বিবরণী ও বাজেটের বিশ্লেষণ করে উয়েফা ও কনকাকাফ জানিয়েছে, এফএফই প্রস্তাবটি যে বৃহত্তর সম্পদ নিশ্চিত করার জন্য সত্যিই প্রয়োজনীয় ছিল, সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই ফিফার আর্থিক অবস্থার স্বাধীন পর্যালোচনার পাশাপাশি সমস্ত অন্তর্নিহিত হিসাব খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

উয়েফা ও কনকাকাফ কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এ বিষয়ে সমর্থন আদায়ের জন্য এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়ার অন্যান্য কনফেডারেশনের সভাপতিদের কাছেও আলাদা চিঠি পাঠিয়েছে তারা।

এর মধ্যেই ফিফা সভাপতি ইনফান্তিনো এবং সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোমের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ার ও ফিফা সহ-সভাপতি ডেবি হিউইট। 

ওই চিঠিতে বিতর্কিত এফএফই পরিকল্পনার সমস্ত নথিপত্র আগামী ১৫ অক্টোবরের পরবর্তী ফিফা কাউন্সিল মিটিংয়ের আগেই প্রকাশ করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে, বিশ্বকাপে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে লিখিত ব্যাখ্যাও তলব করা হয়েছে। 

আগামী মার্চ মাসে চতুর্থবারের মতো ফিফা সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে ৫৬ বছর বয়সী জিয়ান্নি ইনফান্তিনোর। তার বিরোধীদের জন্য বিকল্প প্রার্থী খুঁজে বের করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর। এমন এক রাজনৈতিক ও প্রশাসনিক উত্তেজনার মধ্যেই ফিফার আর্থিক রিজার্ভ বণ্টন নিয়ে এই নতুন দ্বন্দ্ব বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাকে আরও বড় বিতর্কের মুখে ঠেলে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..