✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৮, | ১৯:০৮:১২ |এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৭ জন। এ নিয়ে চলতি বছর মোট ভর্তি হলেন ৫৯ হাজার ১৪৭ জন। এছাড়া ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ মারা যায়নি। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১৭৬ জনই রয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬১, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪০, খুলনা বিভাগে ৮১, ময়মনসিংহ বিভাগে ৯২ এবং রংপুর বিভাগে ৫২ জন রয়েছেন।
মোট ভর্তি রোগীর মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮৩৮ জন। মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৭৬ জনের মধ্যে নারী ৫২ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ৪ শতাংশ।
মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।
চলতি মাসে অবস্থার গুরুতর অবনতি হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৭৯ জনের। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ৯ জন মারা যান ৮ সেপ্টেম্বর।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৫১, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ২৩ ও সিটি করপোরেশনের বাইরে ১০ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ৩২, ময়মনসিংহে ১৮, বরিশালে ১৩, চট্টগ্রামে ১৬, রাজশাহীতে আট, রংপুরে চার ও সিলেটে একজন মারা গেছেন।