✕


ব্যান্টন ধামাকায় ইংল্যান্ডের সিরিজ জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৮, | ১২:১০:১৭ |

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪৬ রানের লক্ষ্য মাত্র ১২.১ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা। ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন টম ব্যান্টন। মাত্র ২৪ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় লঙ্কানরা। ওপেনিং জুটিতে লাহিরু উদারা এবং পাথুম নিসাঙ্কা মিলে ৫৬ রান তোলেন। ২০ বলে ২১ রান করে উদারা সাজঘরে ফিরে যান।

তিনে নামা কামিল মিশারা মেরেছেন গোল্ডেন ডাক। একই ওভারে বিদায় নেন তিনিও। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৫৬ রান তোলে শ্রীলঙ্কা। নিসাঙ্কা এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। ফিফটির পথে থাকলেও ফিফটিটা ছুঁতে পারেননি। ২১ বলে ৩৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। নিসাঙ্কাকে হারিয়ে দলের রানের গতি কমেছে। অধিনায়ক চারিথ আসালাঙ্কা ক্রিজে টিকে ছিলেন অনেকক্ষণ। তবে বেশি রান পাননি। ৩১ বলে করেছেন ৩১ রান। ৮ বলে ১২ রান করেছেন কামিন্দু মেন্ডিস। শেষ দিকে দলের হাল ধরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২২ বলে ২৭ রানের ক্যামিও খেলে সাজঘরে ফিরেছেন তিনি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেছেন লিয়াম ডওসন। ২টি করে উইকেট নেন জেমি ওভারটন এবং জফরা আর্চার। ১টি করে উইকেট তোলেন আদিল রশিদ এবং সনি বেকার। জবাব দিতে নেমে জস বাটলার এবং অ্যানেউরিন ডোনাল্ডের ব্যাটে ভর করে এগিয়েছে ইংল্যান্ডের ইনিংস। শুরু থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন ওপেনার। ওপেনিং জুটিতে এসেছে ৫১ রান। ডোনাল্ড আউট হয়েছেন ১৩ বলে ২১ রান করে।

বাটলার টিকে ছিলেন। আগ্রাসী ব্যাটিংয়ে রানও বের করেছেন। তবে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই থেমেছেন তিনি। ১৫ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন জস বাটলার। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে জোড়া উইকেট হারিয়ে ৬০ রান তোলে ইংল্যান্ড। তিনে নেমে হ্যারি ব্রুকও তোলেন ঝড়। অধিনায়ক ব্রুক ৮ বলে ২৩ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নেন। এরপর ক্রিজে জুটি বাঁধেন জর্ডান কক্স এবং টম ব্যান্টন। এক প্রান্ত ধরে খেলে গেছেন ব্যান্টন। আগ্রাসী ব্যাটিংয়ে রানও বের করেছেন। বাউন্ডারির পর বাউন্ডারি বের করেছেন। কক্স আরেক প্রান্ত থেকে সঙ্গ দিয়ে গেছেন।

ধীরে ধীরে জয়ের পথে এগিয়েছে ইংল্যান্ড। একদম শেষ দিকে গিয়ে আউট হন কক্স। ৭ বলে ১২ রান করে বিদায় নিয়েছেন তিনি। ব্যান্টনের সাথে শেষ দিকে যোগ দেন উইল জ্যাকস। দুজনে মিলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান। ব্যান্টনও চলে গেছেন ফিফটিতে।

২৪ বলে ৫২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন টম ব্যান্টন। ৬ বলে ৩ রান করে টিকে ছিলেন জ্যাকস। ৪৭ বল হাতে রেখে ৬ উইকেটে জয়লাভ করে ইংল্যান্ড।
শ্রীলঙ্কার সাথে ১টি করে উইকেট শিকার করেছেন দুশমন্থ চামিরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইশান মালিঙ্গা এবং থারিন্ডু রাথনায়েকে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি আগামী ১৯ সেপ্টেম্বর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..