✕

সর্বশেষ :

রোনালদোর প্রতিবাদের পর ‘জোতা’ ইস্যুতে শাস্তি পেল সৌদি ক্লাব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ১৪:৩৬:৩৩ |
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিবাদের পর প্রয়াত দিয়োগো জোতাকে নিয়ে গ্যালারিতে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার ঘটনায় সৌদি ক্লাব আল-তাওউনকে শাস্তি দিয়েছে সৌদি আরবের ফুটবল ফেডারেশন। ক্লাবটিকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী দুইটি হোম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে দলটিকে।

ঘটনাটি ঘটে আল-হিলালের বিপক্ষে সৌদি লিগের ম্যাচে। ওই ম্যাচে ৬-০ গোলে হেরে যায় আল-তাওউন। ম্যাচ চলাকালে ক্লাবটির কিছু সমর্থক জোতাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে সমর্থকদের একাংশ ‘জোতা’ বলে স্লোগান দিচ্ছেন।

জোতার ঘনিষ্ঠ বন্ধু নেভেস। গত বছরের ৩ জুলাই স্পেনের জামোরায় এক সড়ক দুর্ঘটনায় জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা নিহত হন। জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজনও ছিলেন নেভেস।

প্রয়াত সতীর্থকে নিয়ে এমন কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সৌদি ফুটবল কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রোনালদো লিখেছিলেন, ‘সমর্থকদের এমন আচরণের বিরুদ্ধে লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়। কিছু সীমারেখা অবশ্যই নির্ধারণ করতে হবে। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে ঢোকার সুযোগ দেওয়া উচিত নয়।’

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি নেভেসও। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আশা করি, যারা এমন করেছে, তারা এরপর গিয়ে প্রার্থনাও করবে না।’

এদিকে আল-হিলালের কাছে বড় ব্যবধানে হারের পর আল-তাওউনের কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসাইন।

সৌদি লিগে সাত ম্যাচ শেষে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১৭তম অবস্থানে রয়েছে আল-তাওউন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..