✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ০১:৩৭:৪৩ |

অভিনয় এবং সঞ্চালনা—দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও যেন টগবগে এক যুবক। এখনো তীব্র কাজের ক্ষুধা নিত্য যাকে তাড়িয়ে বেড়ায়, সেই তিনিই কিনা অবসরে যাচ্ছেন বলে সম্প্রতি গুঞ্জন চাউর হয়। তবে জল্পনার জল খুব বেশি গড়াতে দেননি বিগ বি। জানিয়ে দিলেন, সংবাদমাধ্যমে তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।    

সম্প্রতি নিজের একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমে শুরু হওয়া জল্পনার কড়া জবাব দিয়েছেন অমিতাভ বচ্চন। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, অবসর নিয়ে তার মন্তব্যকে পুরোপুরি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অভিনয় বা গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত তার নেই, বরং ব্লগ পোস্টে তিনি কেবল দিনের কাজ শেষে রাতে ঘুমাতে যাওয়ার কথা বুঝিয়েছিলেন বলে স্পষ্ট করেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

নিজের অফিশিয়াল ব্লগে পুরো বিষয়টি খোলাসা করে সংবাদমাধ্যমের একাংশ ও সাধারণ মানুষের ভুল ধারণার সমালোচনা করেছেন প্রবীণ এই সুপারস্টার। ক্ষোভ প্রকাশ করে বিগ বি লিখেছেন, রাতে তিনি অত্যন্ত সাধারণভাবেই লিখেছিলেন, অনেক রাত হয়েছে, এবার অবসর নেওয়ার সময় এসেছে। সাধারণ জ্ঞানে যে কেউ বুঝবেন, গভীর রাতে এর অর্থ হলো ঘুমাতে যাওয়া। কিন্তু দেশের তথাকথিত বিবেক ও চূড়ান্ত তথ্য সরবরাহকারী হিসেবে দাবি করা সংবাদমাধ্যম এই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে একটি পত্রিকায় তাকে নিয়ে প্রকাশিত অবসরের সংবাদের কাটিংও ব্লগে সংযুক্ত করেন তিনি।

বিতর্কের অবসান ঘটিয়ে ৮৩ বছর বয়সেও দুর্দান্ত গতিতে কাজ করে যাওয়া এই প্রবীণ অভিনেতা অত্যন্ত রসাত্মক কিন্তু কড়া সুরেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লেখেন, ‘জি নেহি হুজুর, ম্যায় কাম সে রিটায়ার নেহি হো রহা হুঁ; অ্যাংরেজি মে ইসকা মতলব হোতা হায় ম্যায় অব সোনে যা রহা হুঁ। অউর ওয়াহা মান্যবর আপকো আনে কা নিমন্ত্রণ নেহি হায়।’ অর্থাৎ, মোটেও না জনাব, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না; ইংরেজিতে রাতের বেলা এই শব্দ ব্যবহারের মানে হলো আমি এখন ঘুমাতে যাচ্ছি। আর হে সম্মানিত মহাশয়, সেখানে আপনার আসার কোনো আমন্ত্রণ নেই।

বর্তমানে কাজ থেকে বিরতি নেওয়ার কোনো ভাবনাই যে তার মাথায় নেই, তা তার কর্মব্যস্ত সূচি দেখলেই স্পষ্ট বোঝা যায়। তিনি ২০০০ সাল থেকেই জনপ্রিয় টিভি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে এর ১৮তম মৌসুমের সঞ্চালনা করছেন। কেবল ২০০৭ সালে এক বছরের জন্য শাহরুখ খান এই শোর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তা ছাড়া বাকি পুরো সময়জুড়ে এই শোর হাল ধরে রেখেছেন অমিতাভ নিজেই।

পাশাপাশি বড় পর্দায় সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন হিন্দি সিনেমার এই কিংবদন্তি। ২০২৪ সালে মেগাস্টার রজনীকান্তের সঙ্গে ‘ভেট্টাইয়ান’ চলচ্চিত্রে তাকে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছে। এ ছাড়া ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’ ছবিতে ধারাভাষ্যকারের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন তিনি। বর্তমানে তিনি পরিচালক নাগ অশ্বিনের ‘ক্লকি ২৮৯৮ এডি: পার্ট ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে তিনি পুনরায় ‘অশ্বত্থামা’ চরিত্রে পর্দায় অবতীর্ণ হবেন। জনপ্রিয় এই সিক্যুয়েলটিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি প্রভাসকে ‘ভৈরব’ এবং কামাল হাসানকে ‘সুপ্রিম ইয়াসকিন’ চরিত্রে পুনরায় দেখা যাবে।

সূত্র: মিড-ডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..