✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ১৮:০৮:৫৪ |জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নজরুল হলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর হলের চত্বরসংলগ্ন সড়কে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে থাকা ছয়টি দোকানের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলছিল। দোকানগুলো নজরুল হলের সামনে হওয়ায় ওই হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে সেগুলোর মালিকানা দাবি করে আসছিলেন। এ নিয়ে আজ দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
তবে রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের দাবি, নজরুল হল চালু হওয়ার আগ থেকেই দোকানগুলো তাদের হলের অধীনে রয়েছে। নজরুল হলের শিক্ষার্থীরা জোরপূর্বক দোকানগুলো দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে প্রশাসনের মধ্যস্থতার পরও তাৎক্ষণিকভাবে সংঘর্ষ বন্ধ করা সম্ভব হয়নি। বিকেল চারটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল বলে জানা গেছে।
শিক্ষার্থীরা দ্রুত সংঘর্ষ বন্ধ করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।