✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ০০:৫৮:২২ |যেকোনো নতুন হুমকি মোকাবিলা বা আরও এক দফা যুদ্ধের জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল-রেজা। একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের ধুবাব ও মোখা অঞ্চলে হুথি বিদ্রোহীদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে দেশটির (ইয়েমেনের) সরকারি বাহিনী।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার এক বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী ইবনে আল-রেজা যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই বার্তা দেন। তিনি বলেন, ওয়াশিংটনের যারা মনে করেন হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে বা লক্ষ্য থেকে সরানো যাবে, তারা আসলে ‘মারাত্মক ভুলের’ মধ্যে আছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই এখন পর্যন্ত প্রকাশ করেছে।
এদিকে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে সরকারের বিমান বাহিনী। ইয়েমেনি বাহিনীর সরকারি মুখপাত্র মজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এক্সে দেওয়া এক পোস্টে জানান, তাইজ প্রদেশের ধুবাব ও মোখা অঞ্চলের ‘কিল বক্স’ এলাকাগুলোতে হুথিদের সরঞ্জাম, জমায়েত ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতেই তাইজ শহর থেকে মোখা পর্যন্ত সংযোগকারী রাস্তাকে সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করে ইয়েমেনি বাহিনী। এ সময় সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ওই পথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে এক ঝটিকা অভিযানে মোখা শহরের নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। এর ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও প্রসারিত ও শক্তিশালী হয়।