বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের তীব্রতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে যৌথভাবে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে নথিভুক্ত হয়েছে চলতি বছরের আগস্ট। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।
সিথ্রিএসের তথ্য অনুযায়ী, আগস্টে বিশ্বের গড় ভূপৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা উনিশ শতকের প্রাক-শিল্প যুগের গড়ের চেয়েও ১ দশমিক ৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২০২৫ সালের নভেম্বরের পর চলতি বছরের আগস্টেই বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।
এদিকে গত আগস্টেই নেপাল ও চীনের তিব্বতে ভূমিধস ও আকস্মিক বন্যা, ইন্দোনেশিয়া, গ্রিস ও বেলজিয়ামে দাবানল এবং হাঙ্গেরি ও রোমানিয়ায় তীব্র খরা দেখা দেয়। পশ্চিম ইউরোপও ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল পার করেছে। এতে নদীর পানিপ্রবাহ ও মাটির আর্দ্রতা কমে কৃষি ক্ষেত্রে তৈরি হয় সংকট।
সিথ্রিএস জানিয়েছে, মেরু অঞ্চল বাদে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও আগস্টে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে ছিল। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে এলনিনোর প্রভাবে তাপমাত্রা আরও বাড়ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক মাসে এল নিনো আরও শক্তিশালী হতে পারে। এর ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সিথ্রিএসের তাপমাত্রার রেকর্ড ১৯৪০ সাল থেকে শুরু হয়েছে। সংস্থাটি ১৮৫০ সাল থেকে সংরক্ষিত বৈশ্বিক তাপমাত্রার রেকর্ডের সঙ্গে এসব তথ্য মিলিয়ে দেখে।
বিজ্ঞানীদের মতে, কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণই বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। আগস্টের রেকর্ড উষ্ণতা বিশ্বকে আবারও সেই বাস্তবতার কথাই মনে করিয়ে দিল।
সূত্র: রয়টার্স
এ জাতীয় আরো খবর..