✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ১৮:২২:৪১ |যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ‘শত্রুরা’ ব্যর্থ হওয়ায় ইরান নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। শত্রুপক্ষ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করলেও, তেহরান শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের মজুত থেকে তাদের ওপর তীব্র মাত্রায় হামলা চালিয়েছে। ইরানের সেনাপ্রধান আমির হাতামি এই দাবি করেছেন।
সামরিক যুক্তি তুলে ধরে সেনাপ্রধান বলেন, আক্রমণকারী দল তখনই বিজয়ী হয় যখন তারা নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে। কিন্তু প্রতিরক্ষামূলক যুদ্ধে শত্রুরা লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার অর্থ হলো প্রতিরোধকারী দেশের বিজয়।
সামরিক এই সাফল্যের দাবির পাশাপাশি নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা চলছে। ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজাই সম্প্রতি জানান, ভবিষ্যতের যেকোনো যুদ্ধ সম্পূর্ণ ‘ভিন্ন’ রূপ নেবে। তার এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির অধ্যাপক সুলতান বারাকাত। আল জাজিরাকে তিনি জানান, এটি কোনো হুমকি নয়। বরং নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিবেশী দেশগুলোকে সতর্কভাবে কাজ করার বার্তা দেওয়া হয়েছে।
বারাকাতের মতে, স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে যুক্ত থাকা অনেক প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সঙ্গে কাজ করার চেষ্টা করবে। রেজাই মূলত বোঝাতে চেয়েছেন যে, সবার সঙ্গে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ইরান নেই।
তবে অধ্যাপক বারাকাত স্মরণ করিয়ে দেন, হরমুজ প্রণালি অবরোধের কারণে যুক্তরাষ্ট্র যেমন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল, ঠিক একইভাবে এই নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও খোদ যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে।
বিডিপ্রতিদিন/কেকে