✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৪:৪৫:০৫ |উত্তর ইরাকের আরবিল প্রদেশের সোরান জেলায় দুটি ড্রোন হামলার পর অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ হামলা হয় বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
আরবিলভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোরান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর বাদলিয়ান এলাকার কাছে আগুন জ্বলতে দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় দুটি ড্রোন জড়িত ছিল। তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল, এতে কেউ হতাহত হয়েছে কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তাৎক্ষণিকভাবে এসব তথ্য জানা যায়নি।
ঘটনাটি নিয়ে ইরাকি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
গত ১৭ আগস্টের পর এটিই ইরাকের কুর্দি অঞ্চলে প্রথম ড্রোন হামলার ঘটনা। ওই দিন দুটি ড্রোন কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয় এবং উত্তর আরবিলে আঞ্চলিক গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবন লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।