হবিগঞ্জে পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:২৭:৩৩ |

হবিগঞ্জের লাখাই উপজেলার তিসকারপুল এলাকায় মাছবাহী একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের তিসকারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. বাচ্চু মিয়া (৪০)। তিনি লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান লাখাই থেকে হবিগঞ্জের দিকে রওনা হচ্ছিল। পথে তিসকারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ড্রাইভারের পাশের সিটে বসা বাচ্চু মিয়া ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় টমটমের ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। খবর পেয়ে লাখাই থানার এসআই মো. শাহ আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..