✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ০১:১১:৩৯ |বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ বোরহ্যাম উডের হয়ে ন্যাশনাল লিগে অভিষেকেই নজর কেড়েছেন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
মঙ্গলবার ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ মিডো পার্কে লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলকে ৫-২ গোলে হারায় বোরহ্যাম উড। ম্যাচের ৪১তম মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দলের হয়ে প্রথম গোলটি করেন ফারহান।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও আলো ছড়ান তিনি। সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই তরুণ উইঙ্গার। ফলে অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্টের স্বাদ পান তিনি।
কয়েক দিন আগে ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দেন ফারহান। নতুন ক্লাবের হয়ে প্রথম ন্যাশনাল লিগ ম্যাচেই এমন পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিলেন তিনি।
ফুলহ্যামের বয়সভিত্তিক দলেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেক ম্যাচে গোলের দেখা পান।
ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই পিএল২-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। ওই সময়ে মাত্র দুই ম্যাচে তিন গোল করেছিলেন তিনি।
প্রাক-মৌসুমে ফুলহ্যামের মূল দলের সঙ্গেও অনুশীলনের সুযোগ পান এই ফুটবলার। নরউইচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রথমবার মূল দলের হয়ে মাঠে নামেন। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলের জয়েও খেলেন তিনি।
ফলে ফুলহ্যামের মূল দলে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে ধারে বোরহ্যাম উডে পাঠানো হয়।