✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ০১:০৬:১৭ |হুলিয়ান আলভারেজকে নিয়ে মহানাটকের যেন কোনো শেষ নেই। আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে যে বার্সেলোনা চায় সেটা এখন সবারই জানা। যেকোনো মূল্যে যে আতলেতিকো এই ফরোয়ার্ডকে ধরে রাখতে চায় সেটাও কারও অজানা নয়। তবে হাল ছাড়ছে না কাতলানা জায়ান্টরাও।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়েরি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, নতুন কোনো স্ট্রাইকার খোঁজার কাজ আপাতত জানুয়ারি দলবদল (উইন্ডো) পর্যন্ত স্থগিত রাখার কথা ভাবছে বার্সেলোনা।
আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ গত কয়েকমাস ধরেই বার্সার ১ নম্বর পছন্দ। তবে আতলেতিকো তাকে ছাড়তে নারাজ—তাদের এই অনড় অবস্থানের কারণে এই চুক্তির পালে কোনো হাওয়া লাগেনি। গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময় ঘনিয়ে আসায় বার্সার আশার আলোও ফিকে হয়ে আসছে, যদিও তারা পুরোপুরি আশা ছাড়েনি।
বিকল্প খেলোয়াড়দের নিয়ে নানা গুঞ্জন থাকলেও, বর্তমান বাজারে স্ট্রাইকারদের যে আগুন দাম, তাতে বার্সেলোনা বেশ সতর্ক পা ফেলতে চাইছে।
ক্লাবটি মনে করছে, আগামী জানুয়ারি নাগাদ আলভারেজের বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে এবং ২০২৭ সালের গ্রীষ্মে তাকে দলে ভেড়ানো সম্ভব কি না, সে বিষয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাই এই গ্রীষ্মে নতুন কোনো 'নাম্বার নাইন' বা স্ট্রাইকারের পেছনে না ছুটে শীতকালীন দলবদল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
পাশাপাশি, প্রথাগত কোনো সেন্টার-ফরোয়ার্ড ছাড়াই দলের বর্তমান ফুটবলারদের দিয়েই আক্রমণভাগ বেশ ভালোভাবে সামলে নেওয়া সম্ভব বলে পূর্ণ আস্থা রয়েছে বার্সেলোনার।
এদিকে 'এল চিরিংগিতো টিভি'-র সূত্র অনুযায়ী, বার্সেলোনা ইতোমধ্যেই ৩ সদস্যের একটি বিকল্প সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ফেলেছে। এ তালিকায় রয়েছেন ভিয়ারিয়ালের ফরোয়ার্ড জর্জ মিকাউতাদজে, তাঁর সতীর্থ আয়োজে পেরেস এবং ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেজ।
তন খেলোয়াড়ের মধ্যে জর্জ মিকাউতাদজের প্রতি বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর পূর্ণ সমর্থনের দাবি করেছে চিরিংগিতো টিভি। ভিয়ারিয়ালের হয়ে এই স্ট্রাইকারের পারফরম্যান্স ডেকোকে এতটাই প্রভাবিত করেছে যে, তিনি নিশ্চিত হয়েছেন—মিকাউতাদজে বার্সেলোনার আক্রমণভাগে দারুণ এক সংযোজন হতে পারেন।
ভিয়ারিয়ালের আরেক ফরোয়ার্ড পেরেসকে ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরোর মধ্যেই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে চিরিংগিতো টিভি। তাঁর সম্ভাব্য আগমন মূলত আলভারেজকে নিয়ে বার্সেলোনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে যুক্ত হতে পারে। আর আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারোকে নিয়ে গত কয়েক বছরে বহুবার বার্সেলোনার সঙ্গে নাম জড়ানো হয়েছে। এবারও সেই শর্ট লিস্টে রয়েছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন।