✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৮:২২:২২ |চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে দায়ের করা ১২২টি মামলার পলাতক আসামি নিশাদ দিলরুবা জাহানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে র্যাব-১০-এর একটি আভিযানিক দল তাকে ঢাকার মধ্য বাড্ডা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নিশাত দিলরুবা জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। র্যাব-১০ জানায়, তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের মানুষ জানতে পেরে অনেকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রতারণার শিকার হাজার হাজার গ্রাহক তার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি মধুমতি এনজিওর অন্যতম পরিচালক ছিলেন।
উল্লেখ্য, মধুমতি নামক এনজিওটি এমআরএ-র কোনো অনুমতি না নিয়েই শুধুমাত্র সমবায় অধিদফতরের অনুমোদন নিয়ে ঋণব্যবসা শুরু করে এবং উচ্চ সুদের প্রলোভনে হাজার হাজার গ্রাহককে প্রতারিত করে প্রায় ১৩৫ কোটি টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় মধুমতি এনজিওর মূল মালিক দাবিদার মাসুদ রানা দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। ওই ঘটনায় প্রতারণার শিকার শত শত গ্রাহক আদালতে মামলা দায়ের করেন।