✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৮:১১:৪৩ |চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় কোদালের কোপে নুরহাবা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ।
বুধবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরহাবা ও তার স্বামী সলিম দুজনই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা। বর্তমানে তারা দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সলিম নিয়মিত কাজ না করায় এ নিয়ে স্ত্রী নুরহাবার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরহাবা স্বামীকে ‘কেন ফিরে এসেছ’ বলে প্রশ্ন করলে দুজনের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। এ সময় উত্তেজিত হয়ে সলিম কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরহাবাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সলিমকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, দোহাজারীতে স্বামীর হাতে স্ত্রী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।