✕


স্বচ্ছতা বাড়াতে প্রিমিয়ার লিগে নতুন উদ্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১১:০৫:১৯ |

স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে প্রতি সপ্তাহে তাদের স্বাধীন ‘কি ম্যাচ ইনসিডেন্টস’ প্যানেলের পর্যালোচনার ফলাফল প্রকাশ করবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এই প্যানেলটি মূলত রেফারি ও ভিএআর-এর নেওয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে থাকে।

মঙ্গলবার (১৮ আগস্ট) কর্তৃপক্ষ এ তথ্যের কথা জানিয়েছে। ২০২২-২৩ মৌসুমে গঠিত পাঁচ সদস্যের এই প্যানেলটি লিগের ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ সব ঘটনায় ম্যাচ কর্মকর্তাদের নেওয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে এবং সেগুলোর বিষয়ে মতামত বা ভোট দেয়। আগে এই পর্যালোচনার ফলাফল কেবল ক্লাব ও কর্মকর্তাদের জানানো হতো, কিন্তু পূর্ণাঙ্গ সিদ্ধান্ত বা রায়গুলো গত মৌসুম পর্যন্ত গোপন রাখা হতো।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ কর্মকর্তাদের নেওয়া সিদ্ধান্তের মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও চলতি মৌসুমে প্রথমবারের মতো লিগ কর্তৃপক্ষ তাদের ‘প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার’ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে মাঠের কর্মকর্তা ও ভিএআর-এর কথোপকথনের সরাসরি উদ্ধৃতি প্রকাশ করবে।পাশাপাশি নির্বাচিত কিছু ম্যাচে রেফারির শরীরে থাকা ক্যামেরার মাধ্যমে ধারণ করা খেলার মধ্যবর্তী অডিও-ও প্রচার করা হবে।

লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পেশাদার রেফারিদের সংগঠনের পাশাপাশি প্রিমিয়ার লিগ ফুটবল খেলার নিয়ম-কানুন প্রণয়নকারী সংস্থা ‘আইএফএবি’-এর কাছে তদবির চালিয়ে যাবে, যাতে ম্যাচ চলাকালীন কর্মকর্তাদের কথোপকথন আরও বেশি পরিমাণে সম্প্রচার করার অনুমতি পাওয়া যায়।

উল্লেখ্য, ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুমটি শুক্রবার শুরু হবে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল মুখোমুখি হবে সদ্য উন্নীত দল কভেন্ট্রি সিটির।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..