আসলে কি সবাই আপনাকেই দেখছে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ০১:৪৯:২৭ |

আমরা যখন কোনো ঘরে ঢুকি, হঠাৎ কি মনে হয় সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে? একটা ভুল শব্দ, একটা ক্যাবলা হাসি, আর অমনি মাথার ভেতর শুরু হয়ে যায় রিলস চালানো! দিনভর, রাতভর আমরা ভাবতে থাকি 'ইস, অমুক মনে হয় আমাকে নিয়ে কী না কী ভাবল!' কিন্তু থামুন! সত্যিটা জানলে আপনি চমকে উঠবেন। আপনি যাকে নিয়ে ভেবে ভেবে রাতের ঘুম হারাম করছেন, সে কিন্তু আপনাকে নিয়ে বিন্দুমাত্র ভাবছেই না!

হ্যাঁ, ঠিকই শুনেছেন। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্পটলাইট ইফেক্ট। খ্যাতনামা থেরাপিস্ট আমান্দা ই. হোয়াইট সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্যে ফাঁস করেছেন আমাদের এই আত্মকেন্দ্রিক দুশ্চিন্তার আসল রূপ। আমরা ভাবি, সামাজিক যোগাযোগের এই বিশাল মঞ্চে আলোটা বুঝি সারাক্ষণ আমাদের ওপরই ফেলা আছে। কিন্তু আসল সত্য হলো, সেই মঞ্চের বাকি অভিনেতারাও নিজেদের ভুলত্রুটি আর রূপচর্চা ঢাকতেই ব্যস্ত! অর্থাৎ, ডিনার টেবিলে আপনার বলা সেই তথাকথিত অনভিপ্রেত কথাটা অন্য কেউ মনেই রাখেনি। কারণ, তারা তখন কষে হিসাব কষছিল নিজেদের বলা কোনো বোকামি নিয়ে!

তাহলে খামোখা এই পারফর্ম করার মেকি চাপ কেন? জীবন তো আর কোনো রিয়েলিটি শো নয় যে প্রতিটি ভুলের জন্য বিচারকরা নম্বর কেটে নেবে! মনোবিদদের পরিষ্কার বার্তা, এই মিথ্যে অনুভূতির খাঁচা থেকে এবার নিজেকে মুক্ত করুন। বোকামি হলে হতে দিন, ভুল বললে বলুন, কেউ আপনার স্কোরকার্ড নিয়ে বসে নেই। সবাই ব্যস্ত শুধু নিজেকে সামলাতে। সুতরাং, অহেতুক লজ্জা ভুলে প্রাণ খুলে বাঁচুন, কারণ এই জীবনের আসল নির্দেশক আপনি নিজেই!

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..