✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১৪:৪২:০৮ |লক্ষ্মীপুরের কমলগরে বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তারে বিদ্যুতায়িত হয়ে মো. নাইম (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝির বাড়ি এলাকায় পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
এরআগে সোমবার রাতে কর্মস্থল থেকে নাইম বাড়ির ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করছে স্থানীয়রা।
নিহত নাইম উপজেলা চরমার্টিন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝি বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানায়, কর্মস্থল খাবার হোটেল থেকে নাইম রাতে বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিন্তু সে বাড়িতে ফিরেনি। সকালে তার মরদেহ বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির পাশে পড়ে থাকতে দেখা যায়। পল্লী বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তার থেকে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। নিচে পানিতে থাকা ব্যাঙও মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কমলনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের প্রকৌশলীদের ঘটনাস্থল পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে এ ধরণের ঘটনা ঘটলে বৈদ্যুতিক ট্রান্সমিটারে সমস্যা হয় এবং বিদ্যুৎ চলে যায়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। ধারণা করা হচ্ছে কোথাও গাছের ডাল তারের ওপর পড়ে সমস্যাটি হয়েছে। বিষয়টি জানার জন্য প্রকৌশলীদের পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাটি আমার জানা নেই। ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।