সৌদি সিনেমায় আবারও একসঙ্গে সালমান-সঞ্জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১৪:২১:৩৮ |

বড়পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। তবে এবার কোনো ভারতীয় সিনেমায় নয়, সৌদি আরবের অ্যাকশনধর্মী সিনেমা ‘সেভেন ডগস’-এ অভিনয় করছেন তারা।

বলিউডলাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে সিনেমাটির প্রচার ঝলক প্রকাশ করা হয়েছে। সেখানে সালমান ও সঞ্জয়ের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তাদের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, সিনেমার গল্পে দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

‘সেভেন ডগস’ পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফল্লাহ। সিনেমাটিতে প্রথমবার সৌদি আরবের কোনো চলচ্চিত্রে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। আরও অভিনয় করেছেন মিসরের অভিনেতা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ। অ্যাকশনধর্মী ‘বাডি-কপ’ ঘরানার সিনেমাটিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক তারকাদের নিয়ে একটি অপরাধী চক্রকে ঘিরে গল্প তৈরি হয়েছে।

সালমান খান ও সঞ্জয় দত্ত এর আগে ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জলওয়া’ (২০০২) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। সর্বশেষ গত বছর এপি ঢিল্লোঁর গান ‘ওল্ড মানি’র ভিডিওতেও একসঙ্গে দেখা যায় তাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..