পুরোনো ইউএসবি ড্রাইভ ফেলে দেওয়ার আগে যা করবেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৫:১৬:২৩ |

পুরোনো ইউএসবি ড্রাইভ অনেকেই আর ব্যবহার না করে ফেলে দেন—বিশেষ করে যেগুলোর ধারণক্ষমতা কম বা গতি ধীর। কিন্তু এভাবে সরাসরি ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া নিরাপদ নয়। কারণ, ড্রাইভ থেকে ফাইল মুছে ফেললেও তাতে থাকা তথ্য সম্পূর্ণভাবে মুছে যায় না—অনেক সময় তার কিছু অংশ রয়ে যেতে পারে।

সাধারণভাবে কোনো ফাইল ডিলিট করলে কম্পিউটার শুধু সেই জায়গাটিকে খালি হিসেবে চিহ্নিত করে, কিন্তু আসল তথ্যটি পুরোপুরি মুছে ফেলে না। ফলে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে সেই মুছে ফেলা তথ্য আবার উদ্ধার করা সম্ভব হতে পারে। পুরোনো ইউএসবি ড্রাইভে যদি করসংক্রান্ত নথি, পরিচয়পত্রের স্ক্যান, ব্যক্তিগত ছবি বা অন্য কোনো সংবেদনশীল তথ্য থাকে, তাহলে ঝুঁকি আরও বেড়ে যায়। ড্রাইভটি অন্য কারও হাতে পড়লে এসব তথ্য অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে। তাই ইউএসবি ড্রাইভ ফেলে দেওয়ার আগে শুধু ফাইল ডিলিট করলেই হবে না; তথ্য যেন পুরোপুরি এবং নিরাপদভাবে মুছে যায়, সে ব্যবস্থা নেওয়া জরুরি।

ইউএসবি ড্রাইভ ফরম্যাট করবেন যেভাবে

উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারে কোনো বিশেষ সফটওয়্যার ছাড়াই ইউএসবি ড্রাইভ, হার্ডডিস্ক বা বাহ্যিক এসএসডি ফরম্যাট করা যায়। প্রথমে ড্রাইভটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর প্রয়োজনীয় ফাইল থাকলে সেগুলো অন্য কোনো নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হবে।

উইন্ডোজে ‘ফাইল এক্সপ্লোরার’ খুলে বাঁ পাশের তালিকা থেকে ‘দিস পিসি’ নির্বাচন করতে হবে। এরপর ‘ডিভাইসেস অ্যান্ড ড্রাইভস’ অংশে সংযুক্ত ইউএসবি ড্রাইভটি দেখা যাবে। ড্রাইভটির ওপর ডান ক্লিক করে ‘ফরম্যাট’ নির্বাচন করতে হবে। এরপর একটি নতুন উইন্ডো খুলবে। সেখানে ফরম্যাট করার বিভিন্ন অপশন দেখা যাবে। ড্রাইভটি যেহেতু আর ব্যবহার না করে ফেলে দেওয়া হবে, তাই সাধারণত এসব সেটিং পরিবর্তনের প্রয়োজন নেই। তবে ‘কুইক ফরম্যাট’ অপশনটি নির্বাচন করা যাবে না। এরপর ‘স্টার্ট’ নির্বাচন করে ফরম্যাট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সংবেদনশীল তথ্য থাকলে ড্রাইভ নষ্ট করুন

ড্রাইভে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য থাকলে এবং সেটি আর ব্যবহার করার প্রয়োজন না থাকলে শারীরিকভাবে নষ্ট করে ফেলা নিরাপদ পদ্ধতি হতে পারে। বিশেষ করে ড্রাইভটি যদি কম্পিউটারে শনাক্ত না হয়, তাহলে সফটওয়্যার ব্যবহার করে এর তথ্য মুছে ফেলা সম্ভব না–ও হতে পারে।

যান্ত্রিক হার্ডডিস্ক বা এইচডিডি তুলনামূলক সহজে নষ্ট করা যায়। হাতুড়ি ও পেরেক ব্যবহার করে ড্রাইভের আবরণে ছিদ্র করা হলে ভেতরের তথ্য সংরক্ষণকারী প্ল্যাটার ক্ষতিগ্রস্ত হবে। ফলে ড্রাইভ থেকে তথ্য উদ্ধার করা কঠিন হয়ে পড়বে।

অন্যদিকে এসএসডি বা ফ্ল্যাশ ড্রাইভ নষ্ট করতে প্রথমে এর বাইরের আবরণ খুলে মেমোরি চিপগুলো বের করতে হয়। এসব চিপ সাধারণত সার্কিট বোর্ডের সঙ্গে যুক্ত কালো ও আয়তাকার অংশ। মেরামতবিষয়ক ওয়েবসাইট আইফিক্সিটের পরামর্শ অনুযায়ী, ছেনি, ড্রেমেল বা ড্রিল ব্যবহার করে এসব মেমোরি চিপ ক্ষতিগ্রস্ত করা যায়।

তবে ড্রাইভ শারীরিকভাবে নষ্ট করার সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। এইচডিডি বা এসএসডিতে ব্যাটারির মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ না থাকলেও ড্রাইভ ভাঙার সময় ধারালো ধাতব অংশ বা ফাইবারের টুকরা ছিটকে গিয়ে আঘাত করতে পারে।

ফেলে দেওয়ার সময়ও সতর্ক থাকুন

তথ্য মুছে ফেলা বা ড্রাইভ নষ্ট করার পর সেটি সাধারণ আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া ঠিক নয়। পুরোনো ইউএসবি ড্রাইভ, এসএসডি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ই-বর্জ্যের মধ্যে পড়ে। তাই সম্ভব হলে এগুলো নির্ধারিত ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্রে জমা দিতে হবে।

পুরোনো ইউএসবি ড্রাইভ দেখতে ছোট বা মূল্যহীন মনে হলেও এর ভেতরে থাকা তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ড্রাইভটি ফেলে দেওয়ার আগে সেটিতে থাকা তথ্য নিরাপদে মুছে ফেলা হয়েছে কি না, তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: এনগ্যাজেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..