✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৫:১৩:৫৮ |দেড় বছরেরও বেশি সময় পর রাশিয়ার রাজধানী মস্কো ও সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে পুনরায় সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান দামেস্ক থেকে মস্কো পৌঁছানোর মধ্য দিয়ে দুই দেশের রাজধানীর মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ পুনরায় শুরু হলো।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৪ মিনিটে (জিএমটি ৩টা ৪৪ মিনিট) সিরিয়ান এয়ারলাইন্সের বিমানটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে অবতরণ করে। একই দিন মস্কো থেকে দামেস্কের উদ্দেশে ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়।
নতুন সূচি অনুযায়ী, মস্কো ও দামেস্কের মধ্যে এই সরাসরি ফ্লাইট প্রতি সপ্তাহে একবার, রবিবার পরিচালিত হবে। রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর এই রুট পুনরায় চালুর ফলে দুই দেশের মধ্যে যাত্রী ও বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তনের পর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। ওই সময় সিরিয়ার রাজধানী দখলের পর বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি।