✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৪:১৬:৩৮ |নোয়াখালীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার ঘটনায় বিজ্ঞ আদালত তিনজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন আদেশ দিয়েছেন এবং দুইজনকে খালাস দিয়েছেন।
আজ রবিবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ মো. শওকত আলী দীর্ঘ শুনানির পর এই রায়ের আদেশ দেন।
পি.পি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ৩ মার্চ সদরের মাইজদী বাজার পুরাতন কলেজ পুকুরে আসামি সৌরভ একটি কুকুর গোসল করাতে গিয়ে স্থানীয় আনোয়ার হোসেনের অনুমতি না নিয়ে তার শ্যাম্পু দিয়ে কুকুরকে গোসল করায়। এক পর্যায়ে আনোয়ার এর প্রতিবাদ করলে আসামি সৌরভ আনোয়ারকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় পুরাতন কলেজ রোডে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে আনোয়ারের বন্ধু নিহত রাজিব, ওয়াসিম ও ইয়াসিন কুকুরকে কেন শ্যাম্পু দিয়ে গোসল করালো এর প্রতিবাদ করলে সালিশ চলাকালীন আসামি ফিরোজ মাহমুদ বাপ্পির নেতৃত্বে আসামিরা একের পর এক সংগঠিত হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে ফজলে হুদা রাজিব (২৬), সাইফুল ইসলাম ওয়াসিম (২৫) ও ইয়াসিন (২৭)-সহ তিনজন মারা যায়। তিনজনই নোয়াখালী পৌরসভার এক নং ওয়ার্ডের মাইজদী বাজার এলাকার বাসিন্দা। উক্ত হত্যার ঘটনায় নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। যার জিআর নাম্বার ৪২৭/১৬ এবং পরবর্তীতে দায়রা মামলা নাম্বার ৭৬৫/১৯ইং।
বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর আসামি ওমর সানি সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভকে ফাঁসির আদেশ দেন এবং ফিরোজ মাহমুদ বাপ্পি, কুদরত উল্যা ও হারুন অর রশিদ বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন এবং বাকী দুইজনকে খালাস দেন। আসামিদের বাড়ীও মাইজদী বাজার পুরাতন কলেজের অনন্তপুর এলাকায়। উক্ত মামলায় বাদী ও বাদীর পক্ষের আইনজীবী এডভোকেট বরকত উল্যা রাশেদ, পি.পি তাফাক্কার হোসেন এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে বিবাদী পক্ষের আইনজীবী শামসুদ্দিন উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।