সেলাই কাজে দক্ষ হয়ে উঠছেন পাহাড়ি নারীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৪:১৫:০৪ |

পাহাড়ি জনপদের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বসুন্ধরা শুভসংঘ।

বান্দরবানের রোমা উপজেলার বিভিন্ন এলাকার নারীরা নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়ে সেলাইয়ের কাজ শিখছেন। সেলাই প্রশিক্ষণের পর তাদের হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হবে। তাই প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ি নারীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন।

সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে  অংশ নেয়া নারীদের হাতে-কলমে বিভিন্ন ধরনের পোশাক তৈরি, কাপড় কাটিং, মাপ নেয়া, সেলাই মেশিন পরিচালনা, পোশাকের নকশা ও প্রয়োজনীয় কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে সেলাই কাজে দক্ষ হয়ে উঠছেন।

প্রশিক্ষণার্থীদের মতে, সেলাইয়ের মতো একটি বাস্তবমুখী ও আয়বর্ধক কাজ শেখার সুযোগ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে তারা নিজেরাই পোশাক তৈরি করতে পারবেন। পাশাপাশি স্থানীয়ভাবে কাজ নেয়া, ছোট পরিসরে সেলাইয়ের ব্যবসা শুরু করা কিংবা পরিবারের আর্থিক সহযোগী হিসেবে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

পাহাড়ি এলাকার নারীদের অনেকেই বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে পর্যাপ্ত সুযোগ ও প্রশিক্ষণের অভাবে তাদের অনেকের দক্ষতা কাজে লাগানোর সুযোগ সীমিত। এমন বাস্তবতায় সেলাই প্রশিক্ষণের মতো উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বসুন্ধরা শুভসংঘের রোমা উপজেলা শাখার সভাপতি অংসাহ্লা মার্মা বলেন, নারীদের দক্ষ করে গড়ে তোলা মানে একটি পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া। আমরা চাই পাহাড়ি এলাকার নারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে সক্ষম হোক এবং আত্মনির্ভরশীল হয়ে উঠুক। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে তাদের সেই পথচলা আরও সহজ হবে।

তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ দেওয়াই নয়, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যাতে ভবিষ্যতে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সেজন্য বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আমরা তাদেরকে বিনামূল্যে সেলাই মেশিনও প্রদান করবো। সমাজের পিছিয়ে থাকা নারীদের পাশে দাঁড়িয়ে তাদের এগিয়ে নেয়াই আমাদের অন্যতম লক্ষ্য।

স্থানীয়দের মতে, নারীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একজন নারী যখন নিজের দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন, তখন তার নিজের আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

নারীর দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও সামাজিক অগ্রগতিকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের রোমা উপজেলা শাখার এ উদ্যোগ পাহাড়ি জনপদের নারীদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..