ভিডিও বিশ্লেষণ থেকে মাঠে প্রয়োগ, জয়ের পর যা বললেন হাসান ও মিরাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১১:৫১:৩৭ |

অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের বোলারদের পরীক্ষা ছিল কঠিন। তবে পরিকল্পিত বোলিং আর ধৈর্যের কাছে শেষ পর্যন্ত টিকতে পারেনি স্বাগতিকরা। হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার দুই ইনিংসেই তৈরি করেন চাপ।

প্রথম ইনিংসে হাসান মাহমুদ মাত্র ৫৫ রানে নেন ৬ উইকেট। তার বোলিংয়ে ১৯৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পরে বাংলাদেশ ৪২৬ রান করে ২২৮ রানের বড় লিড নেয়।

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে স্বস্তি দেননি বাংলাদেশের বোলাররা। হাসান নেন আরও ৩ উইকেট। আর মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের ২৮৪ রানে থামিয়ে দেন। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।

ম্যাচসেরার পুরস্কার পাওয়া হাসান মাহমুদ জানান, অস্ট্রেলিয়ার ব্যাটিং মোকাবিলায় কোচিং স্টাফের সঙ্গে পরিকল্পনা এবং ম্যাচের আগে করা ভিডিও বিশ্লেষণ কাজে দিয়েছে। মাঠে সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন তারা। ভালো ব্যাটিং উইকেটেও বোলাররা ধৈর্য ধরে নির্দিষ্ট লাইন ও লেংথে বল করে গেছেন।

মিরাজও দলের পারফরম্যান্সকে দুর্দান্ত আখ্যা দিয়ে বলেন, পুরো ম্যাচে বাংলাদেশ যথাযথ সময়ে ব্যাট ও বল হাতে ভালো করেছে। তার মতে, অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের দলের বিপক্ষে এমন জয় বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।

শেষ পর্যন্ত সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে ৫৭ রানের লক্ষ্য পেরিয়ে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। আর সেই জয়ের ভিত্তি তৈরি হয়েছিল হাসান মিরাজদের নিয়ন্ত্রিত বোলিংয়েই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..