✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৪, | ১৭:১১:৩২ |বিওয়াইডি জাপানের বাজারের জন্য নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি ‘র্যাকো’। প্রতিষ্ঠানটি দাবি করেছে, এটি বিশ্বের প্রথম এসডিভি (সফটওয়্যার-ডিফাইন্ড ভেহিকল) ভিত্তিক হালকা বৈদ্যুতিক গাড়ি বা ‘কেই ইভি’। সাশ্রয়ী এই গাড়িটির প্রাথমিক দাম ধরা হয়েছে প্রায় ১৩ হাজার মার্কিন ডলার।
সাশ্রয়ী দাম ও শহরের সরু রাস্তায় সহজে চলাচলের সুবিধার কারণে জাপানে ছোট আকারের ‘কেই’ গাড়ির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দীর্ঘদিন ধরে এই বাজারটি হোন্ডা, সুজুকি ও নিসানের মতো দেশীয় ব্র্যান্ডগুলোর দখলে থাকলেও, র্যাকোর মাধ্যমে এই বাজারে শক্ত অবস্থান তৈরি করতে চায় বিওয়াইডি।
নতুন এই বৈদ্যুতিক গাড়িটি ‘২০০’ এবং ‘৩০০’–এই দুটি মূল মডেলে বাজারে এসেছে। ক্রেতারা বেস, প্লাস এবং প্রিমিয়াম–এই তিনটি গ্রেড থেকে নিজেদের পছন্দের গাড়িটি বেছে নিতে পারবেন। বেস মডেল ‘র্যাকো ২০০’-এ ব্যবহার করা হয়েছে ২২.৪ কিলোওয়াট-ঘণ্টার লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি। ডব্লিউএলটিসি মানদণ্ড অনুযায়ী এটি একবার চার্জে ২১০ কিলোমিটার চলতে পারে। অন্যদিকে, ‘৩০০ প্লাস’ ও ‘প্রিমিয়াম’ মডেলে দেওয়া হয়েছে ৩৫.৮৪ কিলোওয়াট-ঘণ্টার বড় ব্যাটারি। ফলে গাড়িটি এক চার্জে ৩২০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। জাপানের বাজারে এটিই প্রথম কেই ইভি, যা ৩০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিচ্ছে।
আকারের দিক থেকে র্যাকো গাড়িটি হোন্ডার জনপ্রিয় ‘এন-বক্স’ মডেলের প্রায় সমান। এর দৈর্ঘ্য ৩৩৯৫ মিলিমিটার, প্রস্থ ১৪৭৫ মিলিমিটার এবং উচ্চতা ১৮০০ মিলিমিটার। গাড়িটির ভেতরে বিওয়াইডির নিজস্ব ‘ওশান অ্যাসথেটিকস’ কেবিন ডিজাইনের পাশাপাশি রয়েছে ১০.১ ইঞ্চির ভাসমান ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং ছোট ইন্সট্রুমেন্ট ডিসপ্লে। এসডিভি প্রযুক্তিনির্ভর হওয়ায় স্মার্টফোনের মতোই সফটওয়্যার আপডেট করে এতে নতুন ফিচার যুক্ত করা যাবে।
জাপানে বর্তমানে সবচেয়ে বেশি বিক্রীত বৈদ্যুতিক গাড়ি ‘নিসান সাকুরা’-এর দাম শুরু হয় প্রায় ১৫ হাজার ডলার থেকে, যার রেঞ্জ ১৮০ কিলোমিটার। এর তুলনায় র্যাকো দাম ও রেঞ্জ উভয় দিক থেকে বেশ এগিয়ে। জাপানে সরকারি ভর্তুকি পাওয়ায় গাড়িটির দাম কমে দাঁড়াবে ১২ হাজার ২০০ ডলারে। ক্রেতাদের সুবিধার্থে মাসে মাত্র ১১৫ ডলার কিস্তিতে লিজেও গাড়িটি নেওয়ার সুযোগ থাকছে।