✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৪, | ১৭:১০:৪৫ |দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর উত্তর আমেরিকার বাজারে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি) ফিরিয়ে আনছে বিখ্যাত জাপানি মোটরযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিতসুবিশি। ২০২৭ মডেলের এই নতুন গাড়ির নাম দেওয়া হয়েছে ‘ইক্লিপস স্পোর্টব্যাক ইভি’। প্রতিষ্ঠানটি এটিকে ‘সম্পূর্ণ নতুন’ মডেল হিসেবে দাবি করলেও এটি মূলত তাদের জোট অংশীদার নিসানের নতুন প্রজন্মের ‘নিসান লিফ’ গাড়ির একটি পুনর্নির্মিত সংস্করণ। ২০২৬ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে গাড়িটি আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
মিতসুবিশি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই ইক্লিপস স্পোর্টব্যাক ইভি যুক্তরাষ্ট্রের প্রায় ৩০০টি নিজস্ব ডিলারশিপের মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করা হবে। গাড়িটির বাইরের নকশায় কিছুটা দৃশ্যমান পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে এর সামনের ও পেছনের বাম্পার, আকর্ষণীয় লাইটিং সিগনেচার, স্পোর্টি অ্যালয় হুইল এবং প্রতিষ্ঠানের সিগনেচার ‘ট্রিপল ডায়মন্ড’ লোগো যুক্ত করা হয়েছে। তবে সামান্য এই পরিবর্তন ছাড়া গাড়িটির ভেতরের কারিগরি পরিকাঠামো ও পাওয়ারট্রেইন পুরোপুরি নিসান লিফের মতো রাখা হয়েছে।
যান্ত্রিক দিক থেকে গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ৭৫ কিলোওয়াট-ঘণ্টার লিকুইড-কুলড ব্যাটারি। দ্রুত চার্জিং সুবিধা দিতে এতে রয়েছে ১৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং ব্যবস্থা, যার মাধ্যমে মাত্র ৩৫ মিনিটে ব্যাটারির ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া যাবে। এছাড়া টেসলার বিস্তৃত সুপারচার্জার নেটওয়ার্ক সহজে ব্যবহারের জন্য এতে যুক্ত করা হয়েছে সরাসরি এনএসিএস পোর্ট।
যুক্তরাষ্ট্রের বাজারে কয়েক বছর আগে ছোট আকারের ‘আই-মিভ’ গাড়িটির বিক্রি বন্ধ হয়ে যাওয়ার পর মিতসুবিশির ঝুলিতে কোনো সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ছিল না। এতদিন তারা প্লাগ-ইন হাইব্রিড ‘আউটল্যান্ডার পিএইচইভি’ দিয়ে পরিবেশবান্ধব গাড়ির বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছিল। ফলে নতুন একটি ইভি তৈরিতে বিপুল অর্থ ও সময় ব্যয় না করে রেনো-নিসান-মিতসুবিশি জোটের সুবিধাকে কাজে লাগিয়ে নিসানের প্ল্যাটফর্ম ও প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে ‘ইক্লিপস’ নামটি ব্যবহারের বিষয়টি বেশ নজর কেড়েছে। কারণ নামটি অতীতে মিতসুবিশির একটি জনপ্রিয় স্পোর্টস কুপ গাড়িতে ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে তা ‘ইক্লিপস ক্রস’ নামে ক্রসওভার গাড়িতে এবং এখন এই নিসান লিফ-ভিত্তিক নতুন বৈদ্যুতিক মডেলে যুক্ত করা হলো।
মিতসুবিশি এখনো গাড়িটির চূড়ান্ত দাম বা একবার চার্জে কত মাইল চলবে তা প্রকাশ করেনি। তবে নতুন নিসান লিফের প্রাথমিক দাম ধরা হয়েছে ২৯ হাজার ৯৯০ মার্কিন ডলার এবং এর আনুমানিক ড্রাইভিং রেঞ্জ ২৫৯ থেকে ৩০৩ মাইল। ধারণা করা হচ্ছে, মিতসুবিশির নতুন এই ইক্লিপস স্পোর্টব্যাক ইভির দামও নিসান লিফের কাছাকাছি থাকবে, তবে নিজস্ব ডিজাইনের কারণে দাম সামান্য বেশি হতে পারে।