✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৪, | ১৬:৪৫:৩৪ |কবরস্থানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত ইউনিয়নের দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রামের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর ছয় জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল থেকে দফায় দফায় উপজেলার সীমান্ত রংছাতি ইউনিয়নের আমগড়া ও উল্লাপাড়া গ্রামের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কলমাকান্দা থানার পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমগড়া সার্বজনীন কবরস্থানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে আমগড়া ও নল্লাপাড়া গ্রামে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই গ্রামের মানুষের মাঝে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর কথাকাটাকাটির রেশ বাড়তে থাকে। এক পর্যায়ে দুই গ্রামের মানুষ লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
শুক্রবার জুম্মার নামাজ বাদ দিয়ে নারী পুরুষের সমন্বয়ে কয়েকঘন্টা চলে এই সংঘর্ষ। এ সময় দুই গ্রামের নারী পুরুষসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। সকলেই কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার অনুযায়ী তথ্যে জানা গেছে মোট ৫৬ জন চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বাড়তে থাকলে খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।