✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৪:১৫:৩১ |উয়েফা সুপার কাপের ফাইনালে বড় ধাক্কা খেয়েছে অ্যাস্টন ভিলা। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলটি বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে মাঠে নামবে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই।
ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার এজরি কনসা ও ফরোয়ার্ড অলি ওয়াটকিন্স কেউই এই ফাইনালে খেলছেন না। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার সালজবুর্গে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচের আগের দিন বিষয়টি নিশ্চিত করেছেন ভিলার কোচ উনাই এমেরি। তার মতে, বিশ্বকাপে দীর্ঘ সময় খেলার পর তিন খেলোয়াড়ের এখন সম্পূর্ণ জরুরি বিশ্রাম প্রয়োজন।
মার্তিনেজ, কনসা ও ওয়াটকিন্স তিনজনই এবারের বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে ছিলেন মার্তিনেজ। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে কনসা ও ওয়াটকিন্স ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলেছেন।
এমেরি জানিয়েছেন, ১৯ জুলাই পর্যন্ত মাঠে থাকা খেলোয়াড়দের জন্য চার সপ্তাহের বিশ্রাম অত্যন্ত জরুরি ছিল। তারা দলে থাকলে ভিলার জয়ের সম্ভাবনা বাড়ত বলেও স্বীকার করেছেন তিনি। তবে পিএসজিও একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন ভিলার কোচ।
তিন তারকার অনুপস্থিতিতে ভিলার দলে সুযোগ পেয়েছেন তরুণ ফুটবলাররা। ২০ বছর বয়সী ফুলব্যাক ট্রিস্টান রো এবং ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ব্রায়ান মাজো দলে জায়গা পেয়েছেন। আক্রমণভাগে ট্যামি আব্রাহামের সঙ্গে বিকল্প হিসেবে থাকবেন মাজো।
এদিকে চোটের কারণে দলে নেই জোহান মানজাম্বি। হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তবে ভিলার জন্য স্বস্তির খবর, অধিনায়ক জন ম্যাকগিন হাঁটুর চোট কাটিয়ে ম্যাচে খেলার ছাড়পত্র পেয়েছেন।
অন্যদিকে পিএসজি তুলনামূলক শক্তিশালী দল নিয়েই ফাইনালে নামছে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে খেলা উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও ফাবিয়ান রুইজ ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।